হো স নে আ রা জে মী

  • আজকের ভাবনা
  • ২০২৫-০৭-৩১ ১৫:৪৪:১৫
image

আজ খুব করে মনে হচ্ছে একটাই জীবন আর এই জীবনকে ভালোবাসি। জীবন চলায় নিঃশ্বাস ফেলার যে শব্দ তা কতটা সুন্দর হয় তা অনুভব করতে শিখতে হয়। 
অনুভব করতে জানতে হয় পৃথিবী কতটা সুন্দর। কাউকে ভালোবাসালে প্রাণ ভরে ভালোবাসো। ভালোবেসে বুকে টেনে নিলে তাকে কখনো তোমার পিছন দেখিয়ো না। 
ছোট এ জীবনে কতকিছু পাওয়া হয় না, কতকিছু দিতে পারিনা। কতটুকুই আর জীবনের আয়ুরেখা। একদিন সাবাইকে চলে যেতে হবে পৃথিবীর মায়া কাটিয়ে। 
ছোট জীবনে হয়তো আমি আর বেশী  হলে ২০ বছরই বাঁচবো। জীবনের গান একদিন থেমে যাবে। খুব বেশীদিন  নিয়ে তো এই পৃথিবীতে আসিনি। টিকটক করে সময় চলে যাচ্ছে আর মৃত্যু এগিয়ে আসছে খুব সন্তর্পণে। টুপ করে দিন শেষ হয়ে যাবে তাই টাকা পয়সার অহংকার  করে কোন লাভ নেই।
ক্ষুদ্র এই জীবনে হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, উষ্কানী মূলক কাজ-কর্ম, সম্পত্তি নিয়ে রেষারেষি, ঘৃণা,  কষ্ট, মন খারাপ - এই ব্যাপার গুলোতে সময় নষ্ট না করে আসুন নিজেকে ভালবাসি, আশেপাশে  সকলকে সুখী  রাখি। 
নিজেকে সময় দেই, 
ভালো বই পড়ি 
ভালো ছবি দেখি
বেড়িয়ে আই সুন্দর কোন জায়গায়! 
জোছনা রাতের আকাশ দেখি! 
ভোরের সূর্যো উঠা দেখি! 
সন্ধ্যায় কিংবা ভোরের পাখির গান শুনি।
পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখি!
কিছুটা সময় কোন শিশুর কিংবা কোন সিনিয়রদের সাথে কাটাই
সৃষ্টিকর্তাকে স্মরণ করি, 
সুন্দর এই পৃথিবীকে উপভোগ করি।