রোনালদোর জাদুতে প্রীতি ম্যাচে আল-নাসরের জয়

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-৩১ ১৫:৩৩:৫৬
image

৪০ বছর বয়স পেরিয়েও ক্রিশ্চিয়ানো রোনালদো যেন বয়সকে ভুলিয়ে দিচ্ছেন। মাঠে নামলেই তিনি যেনো নতুন উদ্যমে ভরপুর। অস্ট্রিয়ার আন্টার্সবার্গ-অ্যারেনায় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে গোল করে আবারও প্রমাণ করলেন তিনি এখনও গোলের রাজা।
ম্যাচের ২৫তম মিনিটে ইয়ান বোহোর গোলে এগিয়ে যায় তুলুজ। তবে মাত্র ৮ মিনিট পরই আল-নাসরের ফরোয়ার্ড ওয়েসলির পাস থেকে ওয়ান টাচ ফিনিশে গোল করে সমতায় ফেরান রোনালদো। এই গোলের পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে আল-নাসরের হাতে।
দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের সুযোগ সৃষ্টি করেন রোনালদো। দূরপাল্লার শটে প্রতিপক্ষের গোলরক্ষককে বারবার পরীক্ষায় ফেলেন। যদিও একটি নিশ্চিত গোল হাতছাড়া হয় জোয়াও ফেলিক্সের সঙ্গে সমন্বয়ের অভাবে।
৭৬তম মিনিটে মোহাম্মদ মারানের দারুণ হেডে আসে আল-নাসরের জয়সূচক গোল। নাওয়াফ বুশালের নিখুঁত ক্রসে ভেসে ওঠা মারানের হেড সরাসরি জালে জড়ায়।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিখ্যাত ‘সিউ’ উদযাপনের ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, “এই ক্ষুধা কখনোই শেষ হবে না। আমরা কেবল শুরু করেছি।” তার বার্তায় স্পষ্ট, লড়াই তিনি থামাননি, থামাবেনও না।
আল-নাসরে যোগ দেওয়ার পর বড় কোনো শিরোপা জিততে না পারলেও গত মৌসুমে ৩৫ গোল করে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আল-নাসরে থাকছেন এই পর্তুগিজ তারকা। এখন তার লক্ষ্য শুধু ট্রফি জেতা নয়, ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা।
আগামী ১০ আগস্ট আল-নাসরের পরবর্তী প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেনের পাওয়ার হর্স স্টেডিয়ামে, লা লিগার ক্লাব আলমেরিয়ার বিপক্ষে। মৌসুমের প্রথম বড় পরীক্ষা ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে। রোনালদোর স্পষ্ট বার্তা-তিনি এখনো অনেক কিছু জিততে বাকি রেখেছেন।

কীওয়ার্ডস: ক্রিশ্চিয়ানো রোনালদো গোল, আল-নাসর বনাম তুলুজ, রোনালদো প্রীতি ম্যাচ, রোনালদো ১০০০ গোল মাইলফলক, সৌদি সুপার কাপ ২০২৫