মেসির জাদুতে নাটকীয় জয়ে ইন্টার মায়ামি,অভিষেকেই আলো ছড়ালেন ডি পল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৭-৩১ ১৫:২৭:৪৩
image

নতুন ঠিকানায় প্রথম ম্যাচেই নিজের যোগ্যতার প্রমাণ দিলেন আর্জেন্টিনার মিডফিল্ড তারকা রদ্রিগো ডি পল। ইউরোপের পাসিং ফুটবলের ছোঁয়া এবার এনেছেন আমেরিকার ঘাসে। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে আসা এই তারকার প্রথম ম্যাচে মাঠ কাঁপালেন তার দৃঢ়তা ও দাপট। তবে আলোচনার কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এসেই করলেন দুটি চমৎকার অ্যাসিস্ট, যা বদলে দিল পুরো ম্যাচের চিত্র।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ কাপের রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও মেক্সিকান ক্লাব অ্যাটলাস। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে।
৬০ মিনিটে সার্জিও বুসকেটসের সাথে মেসির দুর্দান্ত সমন্বয়ে বল পেয়ে তেলাস্কো সেগোভিয়া গোল করে এগিয়ে নেন মায়ামিকে। উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা। তবে ৮০ মিনিটে রিভালদো লোজানোর দুর্দান্ত শটে সমতায় ফেরে অ্যাটলাস। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখন ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে মার্সেলো ভাইগান্টের গোল নিশ্চিত করে মায়ামির ২-১ গোলের জয়।
এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে উল্লাসে ভাসছে ইন্টার মায়ামি। নিষেধাজ্ঞার পর ফিরে মেসি প্রমাণ করলেন, এখনও তার পায়ে জাদুর ছোঁয়া অব্যাহত। অন্যদিকে, বুসকেটস, আলবা ও মেসিকে পাশে পেয়ে ডি পলের অভিষেক ছিল দলের জন্য বাড়তি প্রেরণা। ইউরোপের সেই সমন্বিত পাসিং ফুটবলের স্বাদ এবার আমেরিকার মাঠেও পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

কীওয়ার্ডস: ইন্টার মায়ামি জয়, লিওনেল মেসি অ্যাসিস্ট, রদ্রিগো ডি পল অভিষেক, লিগ কাপ ২০২৫, ইন্টার মায়ামি বনাম অ্যাটলাস