খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা: মোতাল্লেস হোসেনের ১৩ ব্যাংক হিসাব জব্দ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩১ ১৫:০৬:৪৩
image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেনের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের নির্দেশে মোতাল্লেস হোসেন এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি হিসাব ফ্রিজ করা হয়েছে। এসব হিসাবে থাকা মোট ৫ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।
সিআইডি জানায়, তদন্তে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ব্যাংক হিসাব বিশ্লেষণে প্রায় ২৬.৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উদঘাটন হয়েছে। এই অর্থের উৎস এবং অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করতে স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনা অব্যাহত রয়েছে।
সিআইডি আরও জানায়, এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের সনাক্তকরণ ও গ্রেপ্তারের কার্যক্রমও চলমান। তদন্ত সম্পন্ন হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কীওয়ার্ডস :
খালেদাজিয়া CIDBangladesh অর্থপাচার প্রতারণা BankAccountFreeze