অন্তর্বর্তী সরকারের জন্য ‘এক্সিট পলিসি’ নির্ধারণ জরুরি: দেবপ্রিয় ভট্টাচার্য

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩১ ০০:১৭:৪৬
image

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি স্পষ্ট ‘এক্সিট পলিসি’ নির্ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সরকার কীভাবে এবং কোন প্রক্রিয়ায় পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তা এখনই স্পষ্ট করা জরুরি।
বুধবার রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ডেমোক্রেসি ডায়াস’ আয়োজিত সেমিনারে দেবপ্রিয় বলেন, "এই সরকার কী পদ্ধতিতে যাবে, সেটা স্পষ্ট করা দরকার। সময় এসেছে এক্সিট পলিসি চিন্তা করার। বাকি সময়ে সরকার কী অর্জন করে বের হবে, তা জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে জানানো প্রয়োজন।"
দেবপ্রিয় ভট্টাচার্য উল্লেখ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও রাজনৈতিক দলগুলো এখনো নির্বাচন, সরকার গঠন ও সংবিধান সংস্কার নিয়ে একমত হতে পারেনি। তিনি মনে করেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া হলেও নির্বাচনের আগে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা জরুরি।
তিনি সতর্ক করে বলেন, "যতটুকু করা সম্ভব নয়, ততটুকু সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত নয়। নাহলে ‘সংস্কার’ কথাটি অসংস্কারের মধ্যে যুক্ত হয়ে যেতে পারে।"
আগের তিনটি তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ টেনে তিনি বলেন, তাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট ‘এক্সিট পলিসি’ থাকায় বৈধতা নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড আগামী সরকার বৈধতা দেবে কি না—এখনও অনিশ্চিত।
তিনি সরকারের উদ্দেশে বলেন, "কী কী করছেন আর আগামী সরকারের জন্য কী রেখে যাচ্ছেন, সে বিষয়ে স্বচ্ছ বক্তব্য দেওয়া এখন সময়ের দাবি।"
সেমিনারে ‘ডেমোক্রেসি ডায়াস’-এর চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন ২৬টি দেশের অন্তর্বর্তী সরকারের কার্যকাল, সফলতা ও ব্যর্থতা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে দেখা যায়, যেসব অন্তর্বর্তী সরকারের মেয়াদ ১০ মাসের বেশি, তাদের সফলতার হার তুলনামূলকভাবে কম।
এই আলোচনায় বক্তারা মনে করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাফল্য মূলত নির্ভর করবে—তারা কত দ্রুত ও স্বচ্ছভাবে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে তার ওপর।