ডাকসু নির্বাচন ২০২৫: তফসিল ঘোষণা,প্রথম প্রার্থী উমামা ফাতেমা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩০ ২০:৪৯:০৫
image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট চলবে।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।
তফসিল ঘোষণার মাত্র একদিনের মাথায় প্রথম প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি তার প্রার্থিতা ঘোষণা করেন। পোস্টে তিনি জানান, প্রথম বর্ষ থেকেই তিনি ছাত্র রাজনীতির ভেতরে-বাইরে থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছেন। "বৈধ সিট আমার অধিকার" প্ল্যাটফর্ম গড়ে তোলার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের পরিবর্তন আনতে পারে কেবল শিক্ষার্থীরাই।
উমামা ফাতেমা তার পোস্টে লিখেছেন, "আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায় যারা কোনো পক্ষের নিয়ন্ত্রণে থাকবে না, অধিকারের ব্যাপারে অটল থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র নেতা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করবে না।"
তিনি আরও বলেন, আসন্ন ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র, গবেষণাভিত্তিক ও দূরদর্শী প্যানেল গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে।
পোস্টে উমামা শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান, "আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার হারানো গৌরব ফিরিয়ে আনতে চান, তারা আমাদের প্যানেলে যুক্ত হোন।" তিনি প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে প্যানেলে যোগদানের আমন্ত্রণ জানান।

কীওয়ার্ডসঃ ডাকসু নির্বাচন ২০২৫,উমামা ফাতেমা প্রার্থী ঘোষণা,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ খবর,ডাকসু তফসিল,DUCSU Election Update