মোখলেসুর রহমানের (সিধু ভাই) সাক্ষাত্কারভিত্তিক রচনা 'আমার জীবন-কথা ও সময়'

  • (পর্ব-৩)
  • ২০২৩-০৮-২০ ১৫:২৩:০০
image

[মোখলেসুর রহমান ১৯২১ সালে রংপুর জেলার নীলফামারী মহকুমার ডিমলা থানার খগাখড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম সিধু মিয়া। তিনি ছিলেন এক বিত্তশালী পরিবারের সন্তান। কিন্তু তাঁদের পরিবার জোতদার হিসেবে পরিচিত ছিল। উত্তরবঙ্গের তেভাগা আন্দোলনের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। পড়াশোনা সমাপ্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি কলকাতা, ঢাকা ও চট্রগ্রামে ছিলেন অনেক দিন। পরবর্তী সময়ে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। দেশভাগ-পরবর্তী সময়ে তিনি পূর্ব বাংলার সব রাজনৈতিক আন্দোলনে কখনো প্রত্যক্ষ, আবার কখনো পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৭৫-এর রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে তাঁর ভাই মসিউর রহমান (যাদু মিয়া) রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি তাঁর ভাইকে বুদ্ধি-পরামর্শ সহযোগিতা করেছেন। একজন রাজনীতিসচেতন ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। বাংলাদেশের সব রাজনৈতিক নেতার সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ।

এ সাক্ষাত্কারে বিদ্রোহী কবি নজরুল ইসলাম, শ্যামা-হক মন্ত্রিসভা গঠন, প্রেসিডেন্ট ইয়াহিয়া কর্তৃক অ্যাডমিরাল আহসানকে পূর্ব পাকিস্তানের গভর্নর পদে নিয়োগ, পাকিস্তান সরকারের সঙ্গে শিল্পপতি আমিন ও আদমজীর রাজনৈতিক সম্পর্ক, তত্কালীন পশ্চিম পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন নীতি, ব্যবসা-বাণিজ্যে অবাঙালিদের একচেটিয়া সুযোগ-সুবিধা প্রদানের কথা ইত্যাদি বিষয়ের পাশাপাশি ২১ ফেব্রুয়ারির ঘটনা, মুখ্যমন্ত্রী নুরুল আমিনের মূল্যায়ন, ভাসানীর কথা, বিএনপির গঠন, জিয়াউর রহমানের সঙ্গে তাঁর ভাই যাদু মিয়ার সম্পর্ক, বঙ্গবন্ধুর সঙ্গে যাদু মিয়ার সম্পর্ক ইত্যাদি নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ঐতিহাসকি তথ্য উপস্থাপন করেছেন। বাংলাদেশের জাতীয় যাদুঘরের কথ্য ইতিহাস প্রকল্পের আওতায় সাক্ষাত্কারটি গ্রহণ করেছিলেন জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিম ও মুস্তফা নূরউল ইসলাম (মরহুম)। গৃহীত সাক্ষাত্কারের ভিত্তিতেই বর্ণনা আকারে এ রচনাটি ছাপা হলো। আর প্রকল্পটির সমন্বয়কারী ছিলেন ইতিহাসবিদ ড. সালাউদ্দিন আহমেদ।)

গতকালের পর-

৬. তেভাগা আন্দোলনের তাপ
তেভাগা আন্দোলনের সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। তবে যাদু মিয়াকে আসামি করে একটা মামলা দায়ের করা হলে আমি ঘটনাস্থলে যাই। যাদু মিয়া তখন বাড়িতেই ছিল। ওই সময় আমাদের জমি নিয়ে কোনো ধরনের গোলমাল হয়নি। কারণ, যাদু মিয়া দশ আনা-ছয় আনার একটা ভায়া মিডিয়া বের করেছিল। আমাদের জমির ওপর দশ আনা হিসাবে সবাই রাজি হয়। আর নেতারাও সবাই আমাদের বাড়িতেই ছিলেন। কাজেই আমাদের জমি নিয়ে কোনো ধরনের গোলমাল হয়নি। তেভাগা আন্দোলনের যাঁরা নেতা, তাঁদের মধ্যে আমার শুধু গোপাল হালদারের কথা মনে আছে। আমি শুনেছি যে গোপাল হালদার ঘটনাস্থলে গিয়েছিলেন। তেভাগা আন্দোলনের বেশির ভাগ নেতাই ছিলেন বাইরের। আর বাইরের ছাড়া যে দু-একজন নেতা ছিলেন, তাঁরা ছিলেন মুসলমান এবং তাঁরা এসেছিলেন কৃষক শ্রেণি থেকে। একজন মুসলমান কৃষক নেতা ছিলেন, তাঁর নামটা ঠিক মনে নেই। ডিমলার লোক। তিনি অনেক দিন জেল খেটেছেন এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত ছিলেন বহুদিন। আমার ধারণা, আন্দোলনটা হয়েছিল সংগত কারণেই। কিন্তু আন্দোলন করার সময়টা বোধ হয় ঠিক ছিল না। কারণ, এই সময়টায় হিন্দু-মুসলমানের মধ্যে একটা অভাবিত রক্তাক্ত দ্বন্দ্ব-সংঘাতের ঘটনা ঘটছিল। এই সময়টার শুরু ওই ১৯৪৩ থেকে ১৯৪৬ সালের  মধ্যে। চূড়ান্ত আন্দোলনে রূপ নেয় ১৯৪৫ সালে। ব্যাপারটা ক্লাইমেক্সে উঠল ফরটি ফাইভে। এই সময়টা আবার মুসলিম লীগের চূড়ান্ত উত্থানের সময়। তেভাগা আন্দোলনের নেতারা ছিলেন বাইরের। এটা হলো এক নম্বর। আবার দেশের ভেতরেও এই আন্দোলনের যাঁরা নেতা ছিলেন, তাঁদেরও বেশির ভাগ ছিলেন হিন্দু সম্প্রদায়ের। প্রজারা ছিলেন মুসলমান। মানে যাঁরা আধিয়ার, তাঁদের অধিকাংশই ছিলেন মুসলমান। সুতরাং তাঁদের কমিউনাল লাইনে ডিভাইড করা কোনো অসুবিধাজনক কিছু ছিল না। আমাদের ব্যক্তিগত ব্যাপারে যাদু মিয়াকে যে কেসে অভিযুক্ত করা হয়েছিল, সেটা ছিল মিথ্যা এবং কেসটা দায়ের করা হয়েছিল হত্যা মামলার।
তদনারায়ণ বর্মণ নামের একজনকে হত্যা করা হয়েছিল। স্বাধীনতা কাগজে এ রকমেরই হেডলাইন ছিল। তদনারায়ণ বর্মণ ছিলেন আমাদের প্রতিবেশী। আমার মামাদের প্রজা। আর তাঁর ভাগনেরা ছিলেন আবার আমাদের প্রজা। কেতাই বর্মণ ছিলেন আমাদের প্রজা। তাঁরাই এফআইআর করেন এবং তার সাক্ষী করা হয় হরিকান্ত পণ্ডিতকে। সেই পণ্ডিত আবার আমাদের প্রথম অক্ষরজ্ঞান দিয়েছিলেন। আমি যখন সংবাদ শুনি যে যাদু মিয়াকে প্রায় পাঁচ হাজার লোক আমাদের বাড়িতে ঘিরে রেখেছে এবং ‘যাদু মিয়ার রক্ত চাই’ স্লোগান চলছে, সঙ্গে সঙ্গে এই খবর পেয়ে আমি বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে আমি প্রথম ওই পণ্ডিতের সঙ্গে যোগাযোগ করি। তাঁকে বলি যে আপনি আমাকে বলেন যে যাদু মিয়া কি গুলি করেছে? আমাকে তিনি বললেন যে আমি দেখি নাই। আমি বললাম, কথাটা আপনি নিশ্চিত করে বলেন। কারণ, আপনি তো এফআইআরের সাক্ষী।
তখন তিনি বললেন যে না, তিনি গুলি করেননি।
আমি বললাম, তাহলে কে করেছে?
তখন পণ্ডিতজি আমার এক মামাতো ভাইয়ের নাম বললেন। বললেন, আনসার এই কাজ করেছে।
আমি বলি, তাহলে আপনারা কেন মিথ্যা কেস করলেন?
বললেন, আমাদের বাবুরা বলেছে যে যাদু মিয়া হচ্ছেন এখানকার সবচেয়ে প্রভাবশালী লোক এবং তাঁকে যদি এক নম্বর আসামি না করা যায়, তাহলে এই মামলা টিকবে না। কাজেই আমরা তাঁকে ৩০২ ধারায় এক নম্বর আসামি করেছি।
তখন আমি পণ্ডিত মশায়কে বললাম, এটা তো আপনাকে সংশোধন করতে হবে। আর ততক্ষণে তাঁরা বুঝতে পেরেছে যে এভাবে এর সমাধান হবে না, আন্দোলনটা টিকবে না। ইতিমধ্যে অন্যান্য এলাকা থেকে খবর এসেছে আর্মড পুলিশ গিয়ে অত্যাচার করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, দেখে-শুনে তাঁদের মনে একটা ভীষণ ভয় জেগেছে। মানে সাধারণ লোকের মনে সাংঘাতিকভাবে ভয় জেগেছে। তারা এখন বলতে চাইছে যে আমরা শান্তি চাই। পুলিশের নিপীড়ন-নির্যাতনের মুখে তারা ভীতিবিহ্বল হয়ে পড়েছে। তখন আমাকে বললেন যে ‘আমরা আপনার সঙ্গে সব রকম সহযোগিতা করতে পারি, আপনি যদি এটুকু ব্যবস্থা করতে পারেন যে আমাদের ওপর আর কোনো অত্যাচার হবে না।’ আমি কলকাতা থেকে আসার আগে ফজলুর রহমান২ সাহেবের মারফত নাজিমুদ্দিন সাহেবের কাছে গিয়ে বললাম যে আমার ভাইকে অন্যায়ভাবে ৩০২ ধারায় আসামি করা হয়েছে। আমি যেতে চাই। আমাকে সাহায্য করুন। উনি স্বরাষ্ট্রসচিবকে দিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটা চিঠি দিলেন। তাতে তিনি বললেন, আমাকে যেন সহযোগিতা করা হয়।
আমি ওই হরিকান্ত পণ্ডিতকে বললাম যে আমি যখন ডিমলা হয়ে আসি, তখন ওই চিঠিটা আমি ডেলিভারি করেছি। এবং ওকে আরও বলেছি যে এখানে যে গোলমালটা হচ্ছে, এটা বোধ হয় মিটে যাবে। আপনি খামোখা পুলিশ পাঠাবেন না। আমি ওই হরিকান্ত পণ্ডিতকে বললাম যে আপনারা যদি এই কথাটা বলতে রাজি হন যে আপনারা মিথ্যা মামলা করেছেন, তাহলে যাতে পুলিশি অত্যাচার আর না হয়, তার ব্যবস্থা আমি করতে পারব বলে আশা করি। পরের দিন সকালবেলা যখন থানায় গেলাম, তখন ওরা সব ওখানে ছিল। থানায় আমি বললাম যে এরা যে এফআইআর করেছে, এখন বলছে যে এফআইআর রিপিউডিএইট করবে। আর শর্ত হলো যে এখানে সব ঠিকঠাক হয়ে গেছে, তোমরা খামোখা পুলিশ পাঠিয়ে অত্যাচার কোরো না।
তখন তারা বলল যে না, আমরা তো এটার কিছু করতে পারব না। আমাদের ওপর নির্দেশনা আছে।
আমি বললাম যে আমাকে ২৪ ঘণ্টা সময় দেন, তাহলে আমি এখনই নর্থ বেঙ্গল প্রেসে ফিরে যাচ্ছি। ওখানে গেলে নাজিমুদ্দিন সাহেব খুব ইমপ্রেসড হয়ে গেলেন। স্বরাষ্ট্রসচিব বললেন, বলো কী, তুমি একেবারে সেই এফআইআর যারা করেছে, তার সাক্ষী এবং তার লিডারকে সঙ্গে নিয়ে এসেছ? আমি বললাম, হ্যাঁ, তা-ই করেছি।
আমি কেতাই বর্মণ আর হরিকান্ত পণ্ডিতকে সঙ্গে নিয়ে কলকাতা চলে গিয়েছিলাম এবং পরের দিন রাইটার্স বিল্ডিংয়ে তাঁদের হাজির করি। হাজির করলে সবাই খুব ইমপ্রেসড হয়ে গিয়ে বলল যে ঠিক আছে। তবে যারা লিডার ছিল, তাদের আমরা সিলেকটিভ ওয়েতে অ্যারেস্ট করব। সমগ্র এলাকার ওপর কোনো নিপীড়ন-নির্যাতন চালানো হবে না। পরে আলীপুরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তারা এফিডেভিট করল ‘কে গুলি করেছে আমরা তা জানি না’ বলে। তবে আমরা যে কেস দিয়েছি, সেটা ঠিক নয়, মিথ্যে।
এবার আন্দোলনটা কীভাবে দানা বাঁধল এবং বিস্তার লাভ করল, তার প্রকাশটা কী রকম ছিল, সে ব্যাপারে একটু বলি।
যারা জমি চাষ করত, তারা হো-হো-হো-হো করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা আওয়াজ তুলত। সবাইকে জমায়েত করার জন্যই এমনটা করা হতো। মানে সবাই তখন এর সঙ্গে জড়িয়ে পড়েছিল।
এই আওয়াজটা আমি এখনো যে দু-এক সময় হঠাত্ হঠাত্ করেই শুনতে পাই। কিন্তু এমন কোনো একজন কৃষক আমি দেখিনি যে এই আওয়াজটার সঙ্গে সে সময় সুর মেলায়নি। মানে সে এক সাংঘাতিক ব্যাপার ছিল।
এই আন্দোলনে রাজনৈতিকভাবে প্রধানত নেতৃত্ব দিয়েছিল কমিউনিস্ট
পার্টি। বলা হয়ে থাকে যে কৃষকদের মূল দাবি ছিল যে তাদের তিন ভাগ ফসল দিতে হবে। কিন্তু প্রকৃত ব্যাপার সেটা না। তাদের দাবি ছিল যে তিন ভাগের দুই ভাগ ফসল দিতে হবে। কিন্তু আধিয়ার বলে যে জিনিসটা চালু ছিল, সেটা প্রকৃতপক্ষে একটা চূড়ান্তভাবে অমানবিক শোষণগত প্রক্রিয়া ছিল। এই প্রথার মাধ্যমে কোনোমতে তাদের বাঁচিয়ে রাখা হতো। কারণ, তাদের বাঁচিয়ে রাখা দরকার ছিল।
তার মানে তারা তাদের চাষাবাদ করা ফসলের অর্ধেকও পেত না। বিশ্বাস করতে পারছেন না, আমি নিজে জোতদার হয়েও বলছি যে এই ব্যাপারটা একটা অমানবিক ব্যাপার ছিল এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তারা যে তিন ভাগ ফসলের দুই ভাগ দাবি করেছিল, সেটা শুধু পুরোপুরি ন্যায়সংগত ছিল, তা-ই নয়, ওটার আরও কতকগুলো সামাজিক দিক ছিল। যেমন ধরুন, এটা করার পর আমরা যখন এই নিয়ম বা প্রথাটা তুলে দিলাম এবং ঘোষণা দিলাম যে আমরা ধানের পরিবর্তে সমপরিমাণ ধান নেব, তখন অন্য জোতদারেরা আমার কাছে রাতের বেলা এসে আমাকে এই বলে সাংঘাতিকভাবে ধমকালেন যে ‘তোমরা তো এটার ওপর নির্ভর করে বাঁচবে না। তোমাদের তো বড় সম্পত্তি আছে, বাইরে আত্মীয়স্বজন আছে, ফলে তোমাদের চলে যায়, কিন্তু আমাদের তো এই আয়ের ওপরই নির্ভর করতে হয়। আমরা এখন তোমাদের এটা সমর্থন করি না। আমাদের আগের নিয়মই চলবে। আমাদের জিজ্ঞেস না করে এটা করলে কেন—তোমাকে জবাবদিহি করতে হবে।’
তখন আমি বললাম যে ওই লোকটার দ্বারাই তো তোমাদের কৃষিকাজটা চলে, তুমি নিজে তো আর জমি আবাদ করছ না। ওই লোকটাকে বাঁচিয়ে না রাখলে তুমি জমি আবাদ করবে কেমন করে? যেভাবে সে বাঁচছে, তাতে করে তো তার কোনো ক্ষমতাই নেই। এবং পরে দেখা গেল যে যারা আধিয়ার, তারা আর জমি চাষ করতে আগ্রহী নয় এবং ব্যাপারটা এখনো চলছে। এখন আমি যেটা দেখছি, তা হলো যে এখন প্রত্যেকেরই একটা করে গরুর গাড়ি আছে, কিংবা মহিষের গাড়ি আছে অথবা হাটে গিয়ে দোকান দিয়েছে। তারা জমিজমার চাষাবাদে আর মোটেও আগ্রহী নয়। কেননা, ওখান থেকে আয়ের পরিমাণ খুবই অল্প। কাজেই এটা যে শুধু মানবিক দিক ছিল, তা-ই না। কথা হলো, আমার যদি উত্পাদন বাড়াতেও হয়, তাহলে আমাকে কিছু না কিছু করতেই হবে।
ওই ব্যবস্থার কথা না হয় বাদই দেন। যে মানুষগুলো চাষাবাদ করে তাকে প্রণোদনা দেওয়া ছাড়া ওখানে তাকে আর ধরে রাখা যাবে না। কারণ, ওই আয়ের ওপর তার সংসার চলে না। তার সংসার এক জায়গায় ঠেকে নেই। বেশ বড় হয়েছে। ফলে সে আর মনোযোগ দিয়ে চাষাবাদ করে না। আর যদিও করে সেটুকু দিয়ে তার পেটের ভাত কোনোমতে হয়ে যায়। তবে চিন্তা থাকে কীভাবে তার রোজগার বাড়বে।
প্রসঙ্গের একটু বাইরে গিয়ে বলি, মুসলিম লীগ এই আন্দোলনের বিরোধিতা করেছে। কেননা, মুসলিম লীগের মধ্যে কারা ছিল? যারা জোতদার ছিল, তারাই মুসলিম লীগে ছিল। সুতরাং আমার স্বার্থের বিরুদ্ধে ব্যাপারটা চলে যায়। কাজেই মুসলিম লীগ তো এই আন্দোলনের বিরোধিতা করবেই। তবে কংগ্রেস করেছে কি না, আমি জানি না।

৭. মওলানা ভাসানী প্রসঙ্গ
মওলানা সাহেবের সঙ্গে আমার প্রথম পরিচয় করাচিতে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে। ১৯৪৩-৪৪ সালের কথা সেটা। আমার ঠিক মনে নেই। সেই সময় আমরা বাংলার প্রতিনিধিরা আমাদের তাঁবু কনফারেন্স হলে যাচ্ছি। দেখি, একজন লোক মাথায় বেতের টুপি, গায়ে একটা খদ্দরের পাঞ্জাবি আর একটা চারকোনা লুঙ্গি পরা, পায়ে টায়ারের স্যান্ডেল। তিনি কতকগুলো ‘ইশতেহার’ বিলি করছেন। তিনি ছুটে ছুটেই সেগুলো বিলি করছিলেন। ব্যাপারটা দেখে আমার পাশে যে লোক ছিলেন আমি জিজ্ঞেস করলাম, ওই ভদ্রলোক কে?
তিনি বললেন, উনি ভাসানীর চরের মওলানা, আবদুল হামিদ তাঁর নাম। সেটা (ইশতেহার) ছিল আসামের লাইন প্রথার বিরুদ্ধে এবং ওটার বিষয়বস্তু হচ্ছে যে এখন মুসলিম লীগেরই গভর্নমেন্ট, স্যার মোহাম্মদ সাদউল্লা তখন আসামের চিফ মিনিস্টার, লাইন প্রথা এখন উঠবে না কেন? যেতে যেতে ওই ইশতেহারটা পড়লাম। ইংরেজিতে লেখা ছিল সেটা। কেননা, সবাই যাতে পড়তে পারেন, সে কারণে ওটা ইংরেজিতেই লেখা ছিল। তারপর ভেতরে যখন গেলাম, তখন দেখি মওলানা সাহেব বারবার উঠছেন আর জিন্নাহ সাহেব তাঁকে ‘সিট ডাউন মওলানা সাহেব’ বলে বসিয়ে দিচ্ছেন। তখন মওলানা একবার প্রায় দৌড়ে গিয়ে ডায়াসে উঠে গেলেন। উঠে গিয়ে বললেন যে আমার একটা রেজল্যুশন আছে। কথাটা তিনি উর্দুতে বললেন। বললেন যে রেজল্যুশনটা সাজেস্ট কমিটি বাছাইয়ের পর বাদ দিয়ে দিয়েছে। ওটা আমি উত্থাপন করতে চাই।
সাধারণ অধিবেশনেই ঘটনাটা ঘটে। সাজেস্ট কমিটিতে বাদ দেওয়ার ফলে ওটাকে আর উত্থাপন করা যায় না বলেই মওলানা সাহেব ব্যাপারটা নিয়ে লাফাচ্ছিলেন। শেষ পর্যন্ত জিন্নাহ সাহেব ন্যাশনাল গার্ড ডেকে ডায়াস থেকে মওলানা সাহেবকে নামিয়ে দিলেন।
সেশন ভাঙার পর মওলানা সাহেব কেবল ওটাই বোঝানোর চেষ্টা করতে থাকেন সবাইকে গ্রুপে গ্রুপে ভাগ করে। আমি সে সময় এই লাইন ব্যবস্থা সম্পর্কে মওলানাকে জিজ্ঞেস করলাম। এ ব্যাপারে আগে আমার কোনো ধারণাই ছিল না। পরে শুনলাম যে মওলানা সাহেব এই চর অঞ্চল থেকে লোক নিয়ে গিয়ে আসামে জঙ্গল কেটে সেখানে তাদের বসতি স্থাপনে সাহায্য করেছেন। তখন আসামের চিফ মিনিস্টার গোপীনাথ বড়দৌলী। উনি এই লাইন ব্যবস্থাটা চালু করেছিলেন। ফলে বাঙালিরা এই লাইনের উত্তরে আর যেতে পারবে না। এবং যারা গিয়েছিল, হাতিটাতি দিয়ে বাড়িঘর ভেঙে ফেলে তাদের সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। মওলানা সাহেবের কথা হচ্ছে, গোপীনাথ বড়দৌলী আপনারা তো জানেন যে কংগ্রেস বলেছিল যে গভর্নমেন্ট থেকে পদত্যাগ করো। এটা বোধ হয় ১৯৩৯ সালের কথা। তখন গোপীনাথ মেম্বার কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিলেন।
তখন কংগ্রেস সাপোর্ট করে সাদউল্লাকে আনা হলো চিফ মিনিস্টার করে। সাদউল্লার গভর্নমেন্ট কিন্তু কংগ্রেসের ওপর নির্ভরশীল ছিল। কংগ্রেস তাঁকে বলেছে, তুমি যদি লাইন প্রথা তুলে দাও, তাহলে তোমার ওপর থেকে আমরা সাপোর্ট তুলে নেব। কাজেই সাদউল্লা কিছু করতে পারেন না। এটা হলো মওলানার দাবি, মুসলিম লীগের গভর্নমেন্ট কেন এই প্রথা তুলবে না? অর্থাত্ মুসলিম লীগের গভর্নমেন্ট তখন নির্ভরশীল হচ্ছিল কংগ্রেসের ওপর।
ওই প্রথম মওলানা সাহেবকে দেখে এবং তাঁর এসব কথা শুনে খুব মুগ্ধ হলাম। পরে যখন সিলেটে গণভোট বা রেফারেন্ডাম হলো, তখন তিনি পাকিস্তানের পক্ষে কাজ করলেন এবং আওয়ামী লীগ গঠন করলেন এবং তখন যদিও আমি মুসলিম লীগে, আমার ভাইও মুসলিম লীগে এবং আমি যাদের সঙ্গে কাজ করছিলাম, তারাও মুসলিম লীগ করত। আমি মুসলিম লীগ থেকে সরে এসেছিলাম অনেক আগেই। দেশ ভাগ হওয়ার আগেই আমি সরে আসি। কিন্তু সরে এলেও বরাবর ফজলুর রহমানের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। শুধু ফজলুর রহমান সাহেবই নন, আরও অনেকেই মুসলিম লীগে ছিলেন। কিন্তু ফজলুর রহমান সাহেবের সঙ্গে বিশেষভাবে আমার একটা সম্পর্ক ছিল।

৮. মুসলিম লীগ ও আমি
আমি নীলফামারী মুসলিম লীগের সদস্য ছিলাম। রংপুর মুসলিম লীগে ছিলাম। তারপর আমি অল ইন্ডিয়া মুসলিম লীগ কাউন্সিলের মেম্বার হই। মুসলিম লীগ করার সময়কার একটা ঘটনা, যেটা আমি মনে করি ইতিহাসের স্বার্থেই জানানো দরকার, সেটা ক্যাবিনেট মিশন৩ প্রস্তাবসংক্রান্ত। এটা ১৯৪৬ সালের মে মাসের কথা। ১৪তম প্ল্যান যেটা, সেটা করা হয় ইম্পোরিয়াল হোটেলে বসে এবং আমি অন্তত যেটুকু জানি, তার থেকে মনে করি, খুবই গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল সেটা। তিন দিন ধরে এ নিয়ে অধিবেশন চললেও জিন্নাহ সাহেব গ্রুপিং পাস করাতে পারছিলেন না।
হোটেল ছিল দিল্লিতে। অল ইন্ডিয়া মুসলিম লীগ কাউন্সিলের মিটিংয়ে জিন্নাহ সাহেব প্লিড করছিলেন গ্রুপিং গ্রহণ করার জন্য। তিন দিন ধরে ডিবেট চলেছে। এটার বিরুদ্ধে একটা বিরাট প্রতিবাদ—যে তুমি এত দিন বলছ পাকিস্তান, গ্রুপিং ফল শর্ট অব পাকিস্তান, এটা তুমি অ্যাকসেপ্ট করার জন্য কেন বলছ? জিন্নাহর জন্য সময়টা বেশ কঠিন ছিল। জিন্নাহ সাহেব হ্যাড এ ভেরি টাফ টাইম। আমার মনে আছে, মওলানা হজরত মোহানি ফ্রম ইউপি, আর জেড এ জিলানী তারপর আমাদের আবুল হাশিম৪ সাহেব, আমরা যদিও এদের সঙ্গেই ছিলাম। কারণ, আমি তো তখন ঘোর পাকিস্তানি। আমার মত হলো, আমরা এটা গ্রহণ করব না।
তখন বলছেন যে ‘উই ক্যানট ফাইট বোথ হিন্দুজ অ্যান্ড দ্য ব্রিটিশ অ্যাট আ টাইম।’ পাকিস্তান আমরা এক দিনে হাসিল করতে পারব না। হেয়ার ইজ সামথিং দ্যাট উই শুড অ্যাকসেপ্ট। যা-ই হোক, তিন দিন ধরে চেষ্টা চালিয়েও উনি গ্রুপিং পাস করাতে পারছিলেন না। মানে সাধারণ পরিস্থিতিটা ছিল তার বিরুদ্ধে। গ্রুপিং গ্রহণ করার বিরুদ্ধে তারপর রাতে ওয়ার্কিং কমিটির মেম্বার সোহরাওয়ার্দী সাহেব, নাজিমুদ্দিন এই দুজন ছিলেন বাংলার এবং অন্যদের ডেকে বললেন যে কালকে ১০টার মধ্যে এটাকে পাস করিয়ে দিতে হবে। যত রকমের বিরুদ্ধতাই থাকুক না কেন, এটা কায়েদে আযমের অর্ডার। আমরা তো নাছোড়বান্দা। আমরা কেন এটা গ্রহণ করব? নাজিমুদ্দিন সাহেব তো সোজাসরল মানুষ, উনি বললেন যে ‘ভাইসব জিন্নাহ সাহেব বলেছেন, তোমরা যদি গ্রহণ করো এবং কংগ্রেস যদি গ্রহণ না-ও করে, তাহলে যারা যারা এটা গ্রহণ করবে, তাদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।’
আবুল হাশিম সাহেবকে আমরা গিয়ে বললাম, মুসলিম লীগ গ্রহণ করল কি করল না, কংগ্রেস গ্রহণ করল কি করল না, কংগ্রেসকে বাদ দিয়ে যা অন্তর্বর্তীকালীন সরকার হবে, আমরা সেটা বিশ্বাস করি না।
ওরা বলল যে—‘না, ওয়াভেল হ্যাজ প্রমিজড। জিন্নাহ সাহেব মাস্ট গো টু ওয়াভেল অ্যান্ড হ্যাভ আ লাঞ্চ উইথ হিম অ্যান্ড হি মাস্ট কনভে দ্যাট।’ আমরা ওয়ার্কিং কমিটি এবং কাউন্সিল ব্যাপারটা গ্রহণ করেছি। হেয়ার ইজ আ চান্স ফর আস টু গো ইনটু দ্য গভর্নমেন্ট। সুতরাং আমাদের এটা গ্রহণ করতেই হবে।
শেষ পর্যন্ত হলো এই যে ওয়াভেলকে সরিয়ে দেওয়া হলো। ওয়াভেল তাঁর কথা রাখতে পারলেন না। কিন্তু ব্যক্তিগতভাবে আমার এই ধারণা ছিল যে কংগ্রেসকে বাদ দিয়ে ব্রিটিশরা কিছু করবে না এবং এটাই প্রমাণিত হলো এবং আমার খুব জানার ইচ্ছা ছিল যে কংগ্রেস কী গ্রাউন্ডে এটাকে গ্রহণ করছিল না। দ্যাট ওয়াজ দি ওনলি ওকেশন যে মুসলিম লীগ যেকোনো প্রস্তাবের ব্যাপারে কংগ্রেসের আগে ওপিনিয়ন দিয়েছে। এর আগে কংগ্রেস সব ব্যাপারে আগে আগে কথা বলত, মুসলিম লীগ তার পরে বলত। এবারই প্রথম মুসলিম লীগ এ ব্যাপারে আগে কথা বলল। কংগ্রেস তারপর মিট করেছে। আমি দিল্লিতে কয়েক দিন বেশি থাকলাম। আমার এক আত্মীয়া ছিলেন তখন সচিবালয়ে। তাঁর বাড়িতে থেকেই আমি কংগ্রেসের মিটিংয়ে অগ্রগতি ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করলাম। মিটিং হচ্ছিল বিরলা ভবনে। তার সামনে দিয়ে আমি ঘোরাঘুরি করছি। হঠাত্ স্টেটসম্যান-এর একজন সংবাদদাতার সঙ্গে দেখা হয়ে গেল। তাঁকে দেখে আমি বললাম, ‘ভাই, আপনি বলেন তো ভেতরে কী হচ্ছে?’
তিনি জবাবে বললেন, ‘এখন তো বলতে পারব না, বিকেলে এলে বলতে পারব।’
আমি বিকেলে সেখানে গেলাম। আমাকে বলা হলো, প্রস্তাব গ্রহণ করার পক্ষেই পাল্লাটা ভারী। তিনি আরও জানালেন যে আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ।
আমি বললাম, কিসের জন্য?
বলা হলো, তা তো জানি না, কিন্তু আজকের রাতটায় যদি এই মতামতটা থাকে, তাহলে কালকে তা গৃহীত হয়ে যাবে। পরদিন সকালে গেলে বলা হলো, রাতে গোলমাল হয়ে গেছে।
জিজ্ঞেস করি, কী হয়েছে?
বলা হলো যে সরদার প্যাটেল বলেছেন, মুসলিম লীগের সঙ্গে কোনো ধরনের গভর্নমেন্ট ফর্ম করা সম্ভব নয়।
আর গোপীনাথ বড়দৌলী গান্ধীজির পায়ে গিয়ে পড়ে বলতে লাগলেন, বাপুজি আপনি (বাংলা আর আসাম মিলে একটা গ্রুপ) ঠেকান। এই তো বাঙালিরা আমার আসাম দখল করে ফেলবে, তুমি ছাড়া আমাকে আর বাঁচানোর কেউ নেই। গোপীনাথ বড়দৌলী গান্ধীজির কাছ থেকে যতক্ষণ কথা পাননি, ততক্ষণ তিনি গান্ধীজির পায়ের ওপর মাথা দিয়ে বসে ছিলেন আর কেবলি বলছিলেন যে তুমি আমাকে বাঁচাও। আমার আসামকে বাঁচাও। গোপীনাথ বড়দৌলী এবং সরদার প্যাটেল গ্রুপিংটা অপোজ করেছিল এবং এ কারণেই আমাদের এই উপমহাদেশের চেহারা হয়তো পুরোপুরি ভিন্ন হয়ে যেতে পারত। ওই গ্রুপিং যদি মেনে নেওয়া হতো, তাহলে পুরো জিনিসটা অন্য রকম হয়ে যেত। কিন্তু ওই দুজনের জন্যই হয়নি।
এসব কথা আমার প্রত্যক্ষ নলেজ থেকেই আমি বলছি। কেননা, আমি এটুকু জানার জন্যই সেখানে গিয়েছিলাম। আমার সন্দেহ ছিল যে কংগ্রেসকে বাদ দিয়ে ওয়াভেল এটা করতে পারেন না এবং শেষ পর্যন্ত ওয়াভেলকে সরানো হয়। তাঁর জায়গায় মাউন্ট ব্যাটেন সাহেব আসেন।সূত্র-প্রতিচিন্তা।। চলবে-