রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির ঢেউ আঘাত হানতে শুরু করেছে। ইতিমধ্যে হাওয়াই, জাপান ও চীনের উপকূলীয় এলাকায় বড় বড় ঢেউ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দেশগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, হাওয়াইয়ের ওআহু দ্বীপের হালেইয়ায় প্রথম সুনামি তরঙ্গের উচ্চতা ছিল প্রায় ৪ ফুট (১.২১ মিটার)। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ১২ মিনিট অন্তর অন্তর উপকূলে নতুন ঢেউ আছড়ে পড়ছে।
হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন জানিয়েছেন, “এখন পর্যন্ত সুনামি বিপজ্জনক মাত্রায় পৌঁছায়নি, তবে উপকূল থেকে পানির উল্লেখযোগ্য হারে সরে যাওয়া ভবিষ্যতে বড় ঢেউ আসার ইঙ্গিত দিচ্ছে।”
তিনি উপকূলবর্তী এলাকাগুলো থেকে সবাইকে নিরাপদে সরে যেতে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফিরে না আসতে নির্দেশ দিয়েছেন।
এদিকে, মধ্য-প্যাসিফিকের মিদওয়ে অ্যাটলে ঢেউয়ের উচ্চতা রেকর্ড করা হয়েছে ছয় ফুট (১.৮ মিটার)। জাপানের হোক্কাইদো উপকূলে সুনামির ঢেউ ৪০ সেন্টিমিটার পর্যন্ত হলেও জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে, পরিস্থিতি যেকোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থল ত্যাগ না করার আহ্বান জানানো হয়েছে।
চীনের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, রাশিয়ার ভূমিকম্প থেকে উৎপন্ন তরঙ্গ চীনের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভূমিকম্প-উৎপন্ন এ সুনামি এখনও চলমান এবং নতুন ঢেউ যেকোনো সময় আরও শক্তিশালী আকারে আঘাত হানতে পারে।
কীওয়ার্ডস: রাশিয়া ভূমিকম্প, প্রশান্ত মহাসাগর সুনামি, হাওয়াই সুনামি সতর্কতা, জাপান সুনামি, কামচাটকা ভূমিকম্প