পাঁচ বছর পর সুশান্ত কাণ্ডে নতুন মোড়: ফের আদালতের নোটিস রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে

  • বিনোদন ডেস্ক
  • ২০২৫-০৭-৩০ ০২:১০:৩৮
image

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পাঁচ বছর পর তদন্তের চূড়ান্ত রিপোর্ট সামনে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) দীর্ঘ তদন্ত শেষে জানিয়েছে, অভিনেতার মৃত্যু আত্মহত্যা, খুন নয়। এই রিপোর্টের ভিত্তিতে রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন প্রমাণিত হয়, ফলে তারা স্বস্তি পান।
তবে মামলাটি এখানেই থেমে নেই। সম্প্রতি আদালত আবারও রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে নতুন নোটিস জারি করেছে। এর আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে ২৭ দিন কারাবন্দি ছিলেন রিয়া। জামিন পেলেও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল তাঁর ওপর। সিবিআইয়ের রিপোর্ট জমা দেওয়ার পর সেই নিষেধাজ্ঞা উঠলেও নতুন নোটিস রিয়াকে আবারও চাপে ফেলেছে।
রিয়ার অভিযোগ, সুশান্তের দুই বোন প্রিয়াঙ্কা সিং এবং মিতু সিং চিকিৎসকের তদারকি ছাড়াই তাঁকে ওষুধ সরবরাহ করতেন। তাঁর দাবি, সুশান্ত বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন এবং দিদিরা মাঝে মাঝে তাঁর ওষুধ বন্ধ করে দিতেন। এমনকি প্রেসক্রিপশন জাল করার অভিযোগও তুলেছেন রিয়া।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মুম্বই পুলিশ জানিয়েছিল, অবসাদের জেরেই তিনি আত্মহত্যা করেন। সুইসাইড নোট না পাওয়ায় শুরু থেকেই নানা জল্পনা ছড়ায়, যা পরবর্তী সময়ে মাদক মামলা ও একাধিক আইনি জটিলতার জন্ম দেয়।

বর্তমানে আদালতের নতুন নোটিসের কারণে রিয়া চক্রবর্তীর ভবিষ্যত আইনি লড়াই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউড মহলে।