ভারতে উচ্চশিক্ষার জন্য ৫৫০ বাংলাদেশি শিক্ষার্থী আইসিসিআর বৃত্তি পেলেন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৯ ১৬:০৭:২৯
image

চলতি বছর ৫৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী ভারত সরকারের আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস) বৃত্তির আওতায় উচ্চশিক্ষার জন্য মনোনীত হয়েছেন।
মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির আনুষ্ঠানিক নথি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই বৃত্তি শুধু শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের সুযোগই নয়, ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আরও সুদৃঢ় করবে।”
তিনি আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, বরং এটি অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের ভিত্তিতে গড়ে উঠেছে। আইসিসিআর বৃত্তি সেই সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইসিসিআর বৃত্তি ভারত সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ কর্মসূচি। এর আওতায় প্রতিবছর মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পান।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা বিনিময়ের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নতুন জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে উভয় দেশের উন্নয়ন ও সহযোগিতার পথ আরও উন্মুক্ত করবে।
সংবর্ধনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভারতীয় হাইকমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সুযোগ তাদের জীবনের নতুন অধ্যায় রচনা করবে।