দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিন: বিএনপি মহাসচিবের আহ্বান

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৯ ১৫:০৮:৪৪
image

যত দ্রুত সম্ভব সংস্কার প্রক্রিয়া শেষ করে লন্ডন বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে অবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক নেতা শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “সংস্কারের চিন্তা ও প্রস্তাব বিএনপির। আমরা কোনো সংস্কারকে ভয় পাই না, বরং স্বাগত জানাই।” তিনি উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের আলোচনায় ১২টি মৌলিক পরিবর্তনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, যা ইতিবাচক অগ্রগতি। তবে তিনি সতর্ক করে বলেন, এমন কোনো সংস্কার প্রস্তাব আনা যাবে না, যা জাতির জন্য উপযোগী নয় বা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, “১৯৭৫ সালে শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক পথ রুদ্ধ করেছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাধা অতিক্রম করে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। গণমাধ্যমের অধিকারসহ সব গণতান্ত্রিক অর্জন এসেছে বিএনপির হাত ধরে।”
সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুকে স্মরণ করে তিনি বলেন, “বাবু ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রপথিক ও সাহসী নেতা। তার রাজনৈতিক যোগ্যতা ছিল অতুলনীয়।” বাবুর পরিবারের প্রতি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান তিনি।
গত ১৫ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীর ত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করে ফখরুল বলেন, “গুম, খুন, রিমান্ডে নির্যাতনের মুখেও কেউ আত্মসমর্পণ করেনি। এই আত্মত্যাগ আমাদের শক্তি।”
একইসঙ্গে তিনি শিশু একাডেমী ভবন ভাঙার উদ্যোগের সমালোচনা করে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া এই প্রতিষ্ঠান শিশুদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই একাডেমির প্রতি কোনো বিরূপ পদক্ষেপ চাই না।”
মির্জা ফখরুল শেষ বক্তব্যে বলেন, “দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের পথেই নির্ধারিত হবে। তাই সংস্কার দ্রুত সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এখন সময়ের দাবি।”