গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা,নির্যাতন ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ ও দোষীদের শাস্তি দাবী

  • মঞ্জুর মোর্শেদ মিল্টন
  • ২০২৫-০৭-২৯ ১৪:৩২:৩৫
image

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কিশোরের ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগারী ইউনিয়নের আলদাতপুর গ্রামের হিন্দুপল্লীতে পুলিশের উপস্থিতিতে গত দুইদিন ধরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুষ্কৃতকারীরা। এতে প্রায় ১৮টির মত বাড়িঘর ভাঙচুর করা হয়। আতঙ্কগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ গরু, ছাগল, আসবাবপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছাড়ছেন। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশে একের পর এক এধরনের ঘটনা ঘটেই চলেছে, কিন্তু সরকার প্রতিবারই পরিস্থিতি নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছে, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, মব সন্ত্রাসের কারনে জনজীবন আজ অতিষ্ঠ। এই ব্যর্থতার দায়ভার সরকার কোনভাবেই এড়াতে পারে না। নেতৃবৃন্দ এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেন।
তারা আরও বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে নতুন ব্যবস্থার স্বপ্ন দেখেছিল তা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার  কারনে আজ পর্যুদস্ত হতে বসেছে। শুরু থেকেই এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং একটি বিশেষ রাজনৈতিক পক্ষের প্রতি তাদের পক্ষপাত ও নমনীয় আচরণের কারনে মব সন্ত্রাস সামাজিক ও রাজনৈতিক বৈধতা পেয়ে গিয়েছে।
পুলিশ ঐ কিশোরকে গ্রেফতার করার পরও সাম্প্রদায়িক উন্মাদনা তৈরির পেছনে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা বিধান করা ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান উদীচীর নেতৃবৃন্দ।