সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়ন, জারি প্রজ্ঞাপন

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-০৭-২৮ ২৩:৫০:৪৯
image

বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো। অন্তর্বর্তী সরকার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে দেশের ৬৫ হাজার ৫০২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ১০ম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
সোমবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব খালেদা নাছরিন। প্রজ্ঞাপনে জানানো হয়, বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা হলো।
প্রজ্ঞাপনে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে—
প্রশাসনিক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টার সম্মতি গ্রহণ,
জনপ্রশাসন মন্ত্রণালয় ও সচিব কমিটির সুপারিশ,
অর্থ বিভাগের যাচাই ও অনুমোদন,
বিদ্যমান নিয়োগবিধি সংশোধন এবং টিওঅ্যান্ডই হালনাগাদ,
প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে বিটিপিটি প্রশিক্ষণ সম্পন্ন করা।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা আর্থিক নিরাপত্তা পাবেন এবং তাদের সামাজিক মর্যাদা আরও সুদৃঢ় হবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও উদ্দীপ্তভাবে কাজ করতে পারবেন।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হালিম বলেছেন, “এই সিদ্ধান্ত শিক্ষক সমাজের জন্য এক ঐতিহাসিক অর্জন। এখন শিক্ষকেরা নতুন উদ্যমে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দেওয়ার কাজে মনোনিবেশ করবেন।”

কীওয়ার্ডস: প্রাথমিক শিক্ষক ১০ম গ্রেড, সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক বেতন উন্নয়ন, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত, বাংলাদেশ শিক্ষা খবর