চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ডাক এনসিপির

  • ময়মনসিংহ প্রতিনিধি
  • ২০২৫-০৭-২৮ ২০:১৯:৩২
image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন, “চাঁদাবাজির অভয়ারণ্য এনসিপিতে তৈরি হবে না।” সোমবার বিকালে ময়মনসিংহ টাউন হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। আমরা চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু কিছু মানুষ এখনো চাঁদাবাজি চালিয়ে যেতে চায়। এই মানসিকতা আমরা বরদাশত করব না। আমাদের লাখ লাখ কমিটির দরকার নেই, অগণিত নেতাকর্মীর দরকার নেই। দরকার সৎ, সাহসী এবং দেশপ্রেমিক কর্মীদের।”
দেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে এ সমাবেশে যোগ দেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিল, এবং জেলা পর্যায়ের অন্যান্য নেতারা।
নেতারা ময়মনসিংহে আসার আগে জামালপুর থেকে পদযাত্রা শুরু করেন। বিকেল ৩টার দিকে পৌঁছে স্থানীয় একটি হোটেলে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে ত্রিশাল বাসস্ট্যান্ড মহিলা কলেজের সামনে শহীদ সাগর চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সমাবেশে বক্তারা শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যাবে না। এই দেশ গঠনে তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে আরও বলেন, “যে রাজনীতি মানুষকে জিম্মি করে, জনগণের সম্পদ লুট করে—সেই রাজনীতি আমরা চাই না। এনসিপি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়তে চায়, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতা প্রাধান্য পাবে। চাঁদাবাজদের জন্য এখানে কোনো স্থান নেই।”

কীওয়ার্ডস:
জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ময়মনসিংহ সমাবেশ, হাসনাত আবদুল্লাহ, চাঁদাবাজি বিরোধী বক্তব্য, জুলাই পদযাত্রা