থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় চার নিরাপত্তারক্ষীসহ ছয়জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, হামলাকারী গুলি চালানোর পর নিজেও আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে শহরের অর তো কর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় সকালেই বাজারে ঢুকে হামলাকারী এলোপাতাড়ি গুলি চালায়, ফলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্যাং স্যু জোনের উপ-পুলিশপ্রধান ওরাপাত সুকথাই জানান, “আমরা ঘটনাটিকে বন্দুক হামলা হিসেবেই বিবেচনা করছি। হামলার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ হামলাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এছাড়া থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষের সঙ্গে এই হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
অর তো কর বাজারটি ব্যাংককের চাতুচাক সাপ্তাহিক বাজারের কাছেই অবস্থিত, যেখানে প্রতিদিনই প্রচুর পর্যটকের ভিড় থাকে। হামলার সময়ও বাজারে ভিড় ছিল। হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে বাজারে থাকা ক্রেতা ও দোকানিরা প্রাণ বাঁচাতে ছুটোছুটি করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় চার নিরাপত্তারক্ষী, একজন নারী এবং হামলাকারীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন, যিনি বর্তমানে ব্যাংককের এরাওয়ান মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।
পুলিশ বাজার এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনার পর থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কীওয়ার্ডস:
ব্যাংকক বন্দুক হামলা, থাইল্যান্ড বাজার গুলি, অর তো কর মার্কেট, ব্যাংকক নিরাপত্তা, ব্যাংকক