লোকটা জন্মানোর আগের রাতে
ওর মা স্বপ্নে পরশুরামের দেখা পেয়েছিলেন।
ঘোরবর্ণ, টিকালো নাসিকা, স্কন্ধদেশ পর্যন্ত প্রলম্বিত অবিন্যস্ত ঝাঁকরানো জট বাঁধা চুল,
শালপ্রাংশু ভীম বাহুতে জড়ানো রুদ্রাক্ষমালা
দুবাহুর মাঝে বর্ষার মিশকালো মেঘ।
আমার কুঠার!
সন্ন্যাসী জিজ্ঞাসা করেছিলেন সেই আসন্নপ্রসবা রমণীকে।
রমণী আশ্চর্য অবাক চোখে সেই পুরুষশ্রেষ্ঠর দিকে
চেয়ে রইলেন।
কুঠার! আপনার!
হ্যাঁ, আমার কুঠার। পরশুরামের মেঘমন্দ্রিত উচ্চারণ।
আমি এক অবলা নারী, আসন্নপ্রসবা, আমি...
আসন্নপ্রসবা বটে কিন্তু অবলা নও,
যার পুত্র গর্ভাবস্থায় পরশুরামের কুঠার বহন করে, তিনি অবলা!
দীর্ঘকাল গত হয়েছে।
সেই নবজাতক এখন বৃদ্ধ।
এক ভূখণ্ড থেকে অন্য ভূখণ্ডে রোপণ করে চলেছেন
শাল্মলী বৃক্ষ। আর কুঠার হাতে রক্ষা করে যাচ্ছেন
আততায়ীদের লোলুপ দৃষ্টিপথ থেকে সেইসব শিশুদের।
অস্ত্র শুধুই ধ্বংস করেনা
বিপ্লবের ধ্বজাও বহন করে
নম স্থিতি, নম স্থিতি, নম স্থিতি।