গাজায় বিমান থেকে ত্রাণ ফেলছে আমিরাত ও জর্ডান,খাদ্য সংকটে এখনও ভয়াবহ অবস্থা

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-২৮ ০০:৫০:০২
image

ইসরায়েলি অবরোধে খাদ্য ও চিকিৎসা সংকটে জর্জরিত গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। গতকাল গত ২ দিনে ২৫ টন খাদ্য সহায়তা বিমান থেকে ফেলে গাজায় পৌঁছানো হয়েছে।
জর্ডানের এক সরকারি কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজার খান ইউনিস এলাকায় প্যারাস্যুট দিয়ে খাদ্যপণ্য নামানো হচ্ছে। তবে ভিডিওতে দেখা সহায়তাগুলো আমিরাত ও জর্ডানের সরবরাহ কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরায়েল গাজায় লাগাতার হামলা চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বাস্তব সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হত্যাযজ্ঞের পাশাপাশি ইসরায়েল গাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহ বন্ধ রাখায় কয়েক মাস ধরে সেখানে চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, অপুষ্টি ও ক্ষুধার কারণে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে।
যদিও বিমান থেকে ফেলা এই সহায়তা গাজার মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে, তবুও দাতব্য সংস্থাগুলো সতর্ক করেছে যে, এই ত্রাণ মোটেও পর্যাপ্ত নয়।
তাদের দাবি, “গাজার মানুষের জন্য সীমান্ত ক্রসিংগুলো খুলে দিতে হবে। একমাত্র স্থলপথের মাধ্যমেই পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানো সম্ভব।”
এদিকে, প্রায় এক মাস ধরে চলা হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা গত সপ্তাহে হঠাৎ ভেঙে পড়ে। কাতারের রাজধানী দোহা থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের আলোচক দল ফিরিয়ে নেয়। যুদ্ধবিরতি না হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির অভাবে ত্রাণ সরবরাহও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

কীওয়ার্ডস: গাজা UAEJordanAid ইসরায়েলহামলা ফিলিস্তিনসংকট GazaRelief