কোন কোন সম্পর্ক থেকেই যায়।
ঝগড়াঝাটি, অভিমান-অভিযোগের পরেও থাকে
যেমন থেকে যায় জোয়ারের পরে পলল পলি সাগর কিংবা নদীর তটে !
কাঁচের মতো ঠুনকো নয় সেসব সুন্দর সম্পর্কের গভীরতা।
কিছু রিলেশনশিপে রসায়ন বা বোঝাপড়া অত্যন্ত চমৎকার !
এদের উপলব্ধি করার ধরণ বা ভাবনাচিন্তার জ্যোতির্ময় জগত একইরকম।
কোন অবস্থাতেই চাওয়া-পাওয়া, আশা- আকাঙ্ক্ষার সামান্যতম পরিবর্তন হয় না।
দিনের পর দিন কথা না হলে, মাসের পর মাস দেখা না হলে,
নিত্যদিনের যাবতীয় খবর বার্তার বিনিময় না হলেও,
তাদের অনুভূতিগুলো অপরিবর্তিত থাকে।
চিরস্থায়ী, চিরসবুজ, চিরসুন্দর, চিরমমতার এ সম্পর্কে
ভৌগোলিক দূরত্ব অল্পবিস্তর বিষন্নতা বয়ে আনলেও
হৃদয় মাঝে বিন্দুমাত্র ব্যবধান রচিত হয় না।
বিপুল কষ্ট, তীব্র দহনের পরেও ভাঙা ঢেউয়ে একসঙ্গে ভাসে ভালোবাসার ভেলা।
বন্ধুত্বের চেনা ছকের বাইরে চিরকাল তারা দীপ্যমান বাসনায় অনির্বাণ উজ্জ্বল -অমলিন।
জালিম দুনিয়ায়, অসহিষ্ণু সমাজে এমন নির্ভেজাল সম্পর্কই বেঁচে থাকার দুর্দান্ত টনিক!
এমন হৃদয় মথিত অবিমিশ্র সম্পর্ক অবাক জোছনার মতো
মানবজীবনে আশ্চর্য সুন্দর পাওয়া!
এই বন্ধুত্ব , এই সৌহার্দ্য, এই উষ্ণতা, এই নির্ভরশীলতা যে কী আনন্দের,
কী আরামের, কী প্রশান্তির তা অভাবনীয়, অনির্বচনীয়...