মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের পর জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সপ্তাহব্যাপী এ মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য সাজানো হয়েছে ১৭টি স্টল।
মেলা উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মো. তরিকুল ইসলাম, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার বিভাগ, আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. খায়রুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শেখ তৌহিদুল কবীর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হজরত আলী, জেলা শিক্ষা অফিসার, এ জে এম সিরাজুম মুনীর, উপ-পরিচালক, জেলা ইসলামিক ফাউন্ডেশন, এসটি হামিম হায়দার, জেলা বন বিভাগের কর্মকর্তা। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “গাছ লাগানো শুধু দায়িত্ব নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি গাছ লাগানো এবং তা যত্ন নেওয়া।”