জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী,
সরকারি অর্থায়ন: ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা
প্রকল্প ঋণ: ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা
সংস্থার নিজস্ব অর্থায়ন: ৫২ কোটি ৭২ লাখ টাকা
১) কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (২য় সংশোধিত, ৪র্থ বার বৃদ্ধি)
২) দেশের ২০টি স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (১২টি নতুন ও ৮টি পুনর্নির্মাণ)
৩) বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটি গড়ে তোলা (প্রস্তাবিত ২য় সংশোধিত)
৪) গ্রামীণ স্যানিটেশন প্রকল্প
৫) বহদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন (৩য় সংশোধিত)
৬) বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প
৭) মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসির অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (১ম সংশোধিত)
৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প
৯) উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প (২য় পর্যায়)
১০) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ ও অন্যান্য অবকাঠামো নির্মাণ (১ম সংশোধিত, ৪র্থ বার বৃদ্ধি)
১১) কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প
১২) বিপিডিবি’র বিতরণ জোনে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্প (১ম সংশোধিত)
পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়,অনুমোদিত প্রকল্পগুলো দেশের অবকাঠামো, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, সংস্কৃতি এবং জননিরাপত্তা খাতে উন্নয়নকে ত্বরান্বিত করবে।
এটি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভা এবং অন্তর্বর্তী সরকারের ১২তম সভা, যা সরকারের উন্নয়ন অগ্রাধিকারকে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে।