হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদদলনের ঘটনায় নিহত ৭,আহত ৫৫

  • আন্তর্জাতিক ডেস্ক,
  • ২০২৫-০৭-২৭ ১৩:০০:২৬
image

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদদলনের মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৫৫ জন। মন্দিরে যাওয়ার সিঁড়ির অংশে অতিরিক্ত ভিড় ও আতঙ্কের কারণে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। মুহূর্তের মধ্যেই ধাক্কাধাক্কি ও পদদলনের ঘটনা ঘটে। গড়ওয়াল ডিভিশনের কমিশনার বিনয় শংকর পাণ্ডে বলেন, “মন্দিরে ভক্তদের বিপুল সমাগম হয়েছিল। গুজবের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুর্ঘটনা ঘটে।”
দুর্ঘটনার পরপরই রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের মধ্যে ৩৫ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিহার থেকে আসা এক আহত ভক্ত জানান,“হঠাৎ সবাই একসঙ্গে বের হওয়ার চেষ্টা করছিল। ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়ে আমার হাত ভেঙে যায়।”
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, “মনসা দেবী মন্দিরের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। উদ্ধার কাজ চলছে এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”
তিনি এক টুইটে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

কীওয়ার্ডসঃ হরিদ্বারপদদলন MansaDeviTemple IndiaTempleAccident উত্তরাখণ্ডদুর্ঘটনা HaridwarStampede