গাজীপুরে সিরামিক শ্রমিকদের বিক্ষোভে মহাসড়ক অবরোধ,পুলিশের সঙ্গে সংঘর্ষ

  • গাজীপুর প্রতিনিধি,
  • ২০২৫-০৭-২৭ ১২:৪০:৪৪
image

বকেয়া বেতন-ভাতা ও ১০ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।
রোববার সকাল ৭টার দিকে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় শত শত শ্রমিক মহাসড়কে নেমে আসে। তারা বেতন-ভাতা পরিশোধ ও শ্রমিক অধিকার নিশ্চিতসহ ১০ দফা দাবি তুলে ধরে। সকাল সাড়ে ৬টা থেকেই বিক্ষোভ শুরু হলেও ৭টা থেকে মহাসড়ক পুরোপুরি অবরোধ হয়ে পড়ে।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, “গত সাত মাস ধরে চুক্তি অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ বারবার আজ-কাল বলে সময়ক্ষেপণ করছে। ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
শিল্প পুলিশের পুলিশ সুপার আল মামুন সরদার জানান, পুলিশ শ্রমিকদের শান্ত করতে চেষ্টা করলেও তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। প্রায় আড়াই ঘণ্টা পর মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বিক্ষোভ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

কীওয়ার্ডসঃ গাজীপুরশ্রমিকঅন্দোলন শ্রীপুরমহাসড়কঅবরোধ RAKCeramicProtest শ্রমিকবিক্ষোভবাংলাদেশ WorkersRightsBangladesh