(আমার দহনক্লীষ্ট হৃদয়ের অশ্রুসিক্ত প্রার্থনা মাইলস্টোনের হতাহত সকল হতভাগ্যের প্রতি। পরম করুণাময় রহমতঘেরা রাখুন তাদের সবাইকে)
আকাশ হয়েছে অঙ্গার
পুড়ে গেছে সব তারা
ছাই হয়ে গেছে নক্ষত্রপুন্জ, গ্রহ- গ্রহকণা।
এক পৃথিবীর জ্বলন্ত কয়লা বুকে নিয়ে
ছাই চাপা রুদ্ধশ্বাসে মৃত্যুদহন যন্ত্রণার পাহাড়,
চেতনে অবচেতনে আলো অথবা অন্ধকারে
শব্দ বর্ণ বাক্য কিছুই অবশিষ্ট নেই আর
জ্বলে পুড়ে ছাই , - হৃদয় হৃদপিন্ড সব
জ্বলে পুড়ে খাক , কোন ভাষা নেই।
শুধু বাতাসের আর্তনাদ শুনি -
একটাানা গুমড়ে ওঠে বিরামহীন - "আম্মু আমার কি নাক আছে? আম্মু কাঁদছ কেন ----
আমি ভাল হয়ে যাব, আর কেঁদোনা মা---।"
চোখের পুরোটা সীমানা জুড়ে
ঝলসানো শরীর,
কেঁপে কেঁপে চিরতরে থেমে যাওয়া শ্বাস -
পোড়া চামড়া খুলে খুলে পড়া প্রিয় মানব শরীর
নরম ছোট্ট আদুরে --
দগ্ধ যন্ত্রণায় কাতর -,
বেঁচে থাকার প্রার্থনায় ব্যকুল, -করুণাকামী।
আমি ঘুমাতে পারিনা সারারাত।
নিমেষের ব্যবধানে জীবনের মাঝে লুকিয়ে থাকা সোনামনি,
আমার পাখি-আমার প্রিয় ফুল
খসে পড়া ধারাল আঘাতে টুকরো হয়েছে,
অঙ্গার তারপরে,ঝলসানো আগুনে ঢাকা।
পোড়া মুখ পোড়া হাত ফুসফুস হৃদপিণ্ড -
বাঁচার আকুতিতে আকুল তারপরেও।
দাবানলের লেলিহান অগ্নিবাণে
হৃদয় পুড়েছে পুড়ছে আমারও।
জ্বলন্ত এক অঙ্গার হয়ে গেছি।