অশ্লীল কনটেন্ট বন্ধে ভারতের কঠোর পদক্ষেপকে কঙ্গনার প্রশংসা

  • বিনোদন ডেস্ক,
  • ২০২৫-০৭-২৭ ০১:১০:২২
image

অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দর্শকদের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টির অভিযোগে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
সরকারের সিদ্ধান্তের প্রশংসা করে কঙ্গনা বলেন, “আমাদের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই ধরনের পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। অবৈধ কনটেন্ট ছড়ানো এই প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়।”
ভারতীয় কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মে ‘সফট পর্ন’ জাতীয় কনটেন্ট ও অশালীন বিজ্ঞাপন দীর্ঘদিন ধরেই সমালোচিত হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে এবার সরকারের সরাসরি হস্তক্ষেপে এসব প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো।
নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর তালিকায় রয়েছে- ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘মুডেক্স’, ‘হিটপ্রাইম’, ‘হলচল অ্যাপ’, ‘ট্রিফ্লিকস’, ‘শো-এক্স’ সহ আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্ম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, অশ্লীল কনটেন্টের বিস্তার রোধ এবং দেশের তরুণ সমাজকে সুরক্ষিত রাখার স্বার্থে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

কীওয়ার্ডসঃওটিটি প্ল্যাটফর্ম দেশিফ্লিক্স কঙ্গনা রানাওয়াত