কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘর্ষ থামাতে সরাসরি কূটনীতিতে ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক,
  • ২০২৫-০৭-২৭ ০১:০৩:৪৫
image

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত যুদ্ধের উত্তেজনা প্রশমনে সরাসরি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ থামাতে তিনি দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনালাপ করছেন বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লিখেছেন, “কম্বোডিয়ার নেতার সঙ্গে আমার ফোনালাপ শেষ হয়েছে। এখন থাইল্যান্ডের নেতার সঙ্গে কথা বলে যুদ্ধবিরতি বিষয়ে তাদের বক্তব্য জানতে চাই। আমি একটি জটিল পরিস্থিতিকে সহজ করার চেষ্টা করছি।”
দুই দেশের মধ্যে ৫০০ মাইল দীর্ঘ সীমান্তের বিতর্কিত অঞ্চল ঘিরে কয়েক মাস ধরে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার এই উত্তেজনা রূপ নেয় ছোট অস্ত্র ও রকেট হামলায়। পাল্টা ব্যবস্থা হিসেবে থাইল্যান্ড এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়ে কম্বোডিয়ার অভ্যন্তরে বোমাবর্ষণ করে।
৩ দিনের সংঘর্ষে নিহত: অন্তত ৩২ জন
বাস্তুচ্যুত: এক লাখের বেশি মানুষ
আরেকটি পোস্টে ট্রাম্প জানান, “থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে খুবই ইতিবাচক কথোপকথন হয়েছে। তারা অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি চায়। এখন আমি সেই বার্তাটি কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিচ্ছি।”
ওয়াশিংটন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

কীওয়ার্ডসঃ ডোনাল্ড ট্রাম্প কম্বোডিয়াথাইল্যান্ডসংঘর্ষ এফ১৬যুদ্ধবিমান