রদ্রিগো ডি পল এখন ইন্টার মায়ামির খেলোয়াড়, মেসির সঙ্গে আবারও জুটি

  • স্পোর্টস ডেস্ক,
  • ২০২৫-০৭-২৭ ০০:৫৫:৫২
image

বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পল আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি দলে। ক্লাব কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতির মাধ্যমে এই চুক্তি নিশ্চিত করেছে।
ডি পল ২০২৫ সালের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে ধারে ইন্টার মায়ামির হয়ে খেলবেন। তবে চুক্তিতে রয়েছে স্থায়ীভাবে ২০২৯ সাল পর্যন্ত তাকে দলে রাখার অপশন। ২০২১ সালে উদিনেস থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর এবারই প্রথম তিনি এমএলএসে পা রাখছেন।
জাতীয় দলের হয়ে লিওনেল মেসির সবচেয়ে বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত ডি পলকে অনেকে ভালোবেসে ডাকেন ‘মেসির দেহরক্ষী’। তিনি মেসির সঙ্গে খেলেছেন ৬২ ম্যাচ, জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা। এবার ইন্টার মায়ামির জার্সিতে মেসির সঙ্গে আবারও দেখা যাবে তার দাপট।
চুক্তি সম্পন্ন হওয়ার পর ডি পল বলেন, “আমি এখানে এসেছি লড়াই করতে, শিরোপা জিততে এবং ইন্টার মায়ামির ইতিহাসে নিজের নাম লেখাতে। এই ক্লাব বড় কিছুতে পরিণত হচ্ছে, আমি সেই যাত্রার অংশ হতে চাই।”
ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস বলেন,“রদ্রিগো বিশ্বজয়ী খেলোয়াড়। তার আবেগ আমাদের লক্ষ্য পূরণের সঙ্গে মিলে যায়। তাকে দলে নিতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত।”
সহ-মালিক ডেভিড বেকহ্যাম যোগ করেন, “ডি পল এমন একজন খেলোয়াড়, যার প্রতি আমি বহু বছর ধরে মুগ্ধ। তিনি একজন নেতা, যিনি আর্জেন্টিনা জাতীয় দলকে অসাধারণ সাফল্য দিয়েছেন। তাকে এমএলএস ও ইন্টার মায়ামিতে পেয়ে আমি রোমাঞ্চিত।”
পি-১ ভিসা ও আন্তর্জাতিক ট্রান্সফার সনদ (আইটিসি) সম্পন্ন হলেই ডি পল মায়ামির অনুশীলনে যোগ দেবেন। এছাড়া চেজ স্টেডিয়ামে আগামীকাল ভোরে সিনসিনাটির বিপক্ষে ম্যাচের আগে তাকে আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে।

কীওয়ার্ডসঃ RodrigoDePaul InterMiami LionelMessi MLS2025 FootballTransferNews