বাংলাদেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা যায়নি,২০ আগস্ট পালিত হবে আখেরী চাহার সোম্বা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৬ ১৫:৪৩:২৩
image

বাংলাদেশের আকাশে শুক্রবার (২৫ জুলাই) কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, শনিবার (২৬ জুলাই) পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী রোববার (২৭ জুলাই) থেকে শুরু হবে পবিত্র সফর মাসের গণনা। এর ধারাবাহিকতায় আগামী ২০ আগস্ট (বুধবার) দেশে পালিত হবে পবিত্র আখেরী চাহার সোম্বা।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে নিশ্চিত করা হয় যে, বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় সফর মাসের চাঁদ দেখা যায়নি।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আব্দুস ছালাম খান, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইসলামি পণ্ডিত ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
পবিত্র আখেরী চাহার সোম্বা মুসলিম উম্মাহর জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। বিশ্বাস করা হয়, এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) চূড়ান্ত সুস্থতার বার্তা লাভ করেন।

কী ওয়ার্ডসঃ পবিত্রসফরমাস আখেরীচাহারসোম্বা BangladeshMoonSighting IslamicFoundationBD চাঁদদেখাকমিটি