নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” জনগণের মাঝে তুলে ধরতে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজার, গণজমায়েতস্থল, দোকানপাট এবং ব্যবসায়িক এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন তিনি। পাশাপাশি তিনি ৩১ দফার মূল বিষয়বস্তু জনসাধারণের কাছে ব্যাখ্যা করেন।
রবিউল আওয়াল লাভলু, সাবেক সহ-সভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাবেক সহ-সভাপতি টাঙ্গাইল জেলা যুবদল, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, বর্তমানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
তিনি বলেন “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটবে এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে”।
এই গণসংযোগ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমানের পরিকল্পনার প্রতি সমর্থন জানান।
এছাড়াও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একযোগে এই কর্মসূচিতে অংশ নিয়ে মাঠপর্যায়ে দলের অবস্থান ও বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দেন।