উত্তরা ট্রাজেডি: দুই ভাইবোনের নিভে যাওয়া প্রাণে শোকস্তব্ধ পরিবার, নিহত বেড়ে ৩১

  • সকালের আলো প্রতিবেদন
  • ২০২৫-০৭-২৩ ০২:০১:২২
image

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণ গেলো দুই ভাইবোনের-তাহিয়া তাবাচ্ছুম নাদিয়া ও ছোট ভাই নাফি ইসলামের। দুর্ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবী ছেড়ে চলে গেলো একসাথে বেড়ে ওঠা দুটি শিশু হৃদয়। হৃদয়বিদারক এই ঘটনায় এক পরিবারের আলো নিভে যাওয়ায় কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো উত্তরার আকাশ।
তৃতীয় শ্রেণির ছাত্র নাফি ইসলাম মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এর মাত্র ২৪ ঘণ্টা আগে, সোমবার রাত ৩টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার বড় বোন, নবম শ্রেণির ছাত্রী তাহিয়া তাবাচ্ছুম নাদিয়া।
তাদের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আশরাফুল ইসলাম নিরব ও মা বর্তমানে নিঃসীম শোকের মাঝে নিথর হয়ে পড়েছেন। দুই সন্তানকে হারিয়ে তাদের সংসারে এখন শুধুই শূন্যতা ও নিস্তব্ধতা।
তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে হলেও তারা থাকতেন রাজধানীর উত্তরা কামারপাড়ায়।
নিহতদের মামা মো. ইমদাদুল হক তালুকদার গণমাধ্যমকে জানান, “আমার বোন ও দুলাভাই ভেঙে পড়েছেন। আমাদের মানসিক অবস্থা বোঝানোর মতো নয়। সবাই দোয়া করবেন।”
মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়।
হাসপাতালভিত্তিক হালনাগাদ তথ্য নিচে তুলে ধরা হলো:
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: আহত ৪৬, নিহত ১০
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১
ঢাকা সিএমএইচ: আহত ২৮, নিহত ১৬
কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই
উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: আহত ১৩, নিহত ২
উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ১, নিহত নেই
ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ৩, নিহত নেই
এই ঘটনার প্রতিবাদে উত্তরা জুড়ে শিক্ষার্থীদের আন্দোলন জোরদার হয়েছে। ন্যায্য বিচার, নিরাপত্তা নিশ্চিতে ৬ দফা দাবি তুলে ধরেছে তারা। সরকারও এই দাবির প্রতি সম্মান জানিয়ে পদক্ষেপ নিচ্ছে।
ইতিমধ্যে শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে এবং মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
নাফি ও নাদিয়ার মতো ফুলগুলো যেন আর অকালে ঝরে না পড়ে-এটাই এখন সবার কামনা। নিরাপত্তা, জবাবদিহি ও মানবিক রাষ্ট্র কাঠামো গড়ার দাবি এখন সর্বত্র উচ্চকিত।

কিওয়ার্ডস: 

উত্তরাট্রাজেডি MilestoneTragedy,TahiaNafi,SchoolPlaneCrashBD,বাংলাদেশদুর্ঘটনা,UttaraNews,সকালেরআলো