ইঞ্জিনে কোনো ছাড় নয়,দায় প্রযুক্তির’: উত্তরা ট্র্যাজেডি নিয়ে স্পষ্ট বক্তব্য বিমান বাহিনী প্রধানের

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৭-২২ ১৯:০২:৩৭
image

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গোটা দেশ যখন শোকে বিহ্বল, তখন বিমান বাহিনীর পক্ষ থেকে উঠে এলো গুরুত্বপূর্ণ বার্তা। ইঞ্জিন বা প্রযুক্তিগত দিক নিয়ে কখনোই কোনো ছাড় দেওয়া হয় না,এমনটাই জানালেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
তিনি বলেন, ‘এই দুর্ঘটনার জন্য প্রযুক্তিগত ত্রুটিই দায়ী, কোনো গাফিলতি নয়।’ আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে এবং তারা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী পাশে থাকবে।
মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান বলেন, “ইঞ্জিনের মান ও কার্যক্ষমতা নিয়ে আমরা কোনোভাবেই আপস করি না। প্রতিটি বিমান ও যন্ত্রাংশ নিয়মিত পরীক্ষা করা হয়। এই দুর্ঘটনার মূল কারণ প্রযুক্তিগত বিকলতা, কোনো অবহেলা নয়।”
তিনি আরও বলেন, “আমরা তথ্য গোপন করি না। কার কাছ থেকে লুকাবো? সবাই তো এই দেশের নাগরিক। আমরা প্রতিটি আপডেট আইএসপিআরের মাধ্যমে সরাসরি জানিয়ে দিচ্ছি।”
বিমানবাহিনী প্রধানের কথায় উঠে আসে আহতদের প্রতি আন্তরিক সহানুভূতি ও দায়বদ্ধতা। তিনি বলেন, “আহতদের চিকিৎসা আমাদের প্রধান অগ্রাধিকার। তারা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী ও বিমান বাহিনী সম্পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।”
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “সামাজিক মাধ্যমে অনেক গুজব ছড়ানো হচ্ছে, যা দুঃখজনক। আমি সবাইকে অনুরোধ করবো-আধিকারিক সূত্র ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে এবং গুজবে কান না দিতে।”
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে বিমান বাহিনীর একটি FT-7BGI যুদ্ধবিমান প্রশিক্ষণ ফ্লাইটের সময় উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ এবং আগুন ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে।
আইএসপিআরের সর্বশেষ তথ্যমতে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে আছেন এক পাইলট, দুই নারী শিক্ষক এবং বাকিরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
আহত হয়েছেন অন্তত ১৬৫ জন, যাদের অনেকে এখনো বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

কিওয়ার্ডসঃ উত্তরাবিমানদুর্ঘটনা,FT7BGICrash,AirForceBangladesh,এয়ারচিফহাসানমাহমুদ