জামায়াত আমিরের সঙ্গে মার্কিন চার্জের বৈঠক,নারীদের প্রথম অংশগ্রহণ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২২ ০০:৫৬:৫৬
image

ঢাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এ্যান জ্যাকবসন। সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় মগবাজারে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রথমবারের মতো উপস্থিত ছিলেন জামায়াতের নারী নেত্রীরাও।
বৈঠকে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে চলমান রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচনের প্রস্তুতি, রিফর্ম প্রয়োজনীয়তা এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তথ্য ও মতামত জানতে চান। বিশেষ করে বাংলাদেশে কোনো সিকিউরিটি থ্রেট রয়েছে কিনা, সে বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চাওয়া হয়।
জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, আমরা একটি সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন চাচ্ছি। দেশে রিফর্মগুলো বাস্তবায়ন হওয়া দরকার। দুর্নীতি ও চাঁদাবাজির রাজনীতি বন্ধ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছি।”
তাহের আরও বলেন, “আমাদের বৈদেশিক নীতি হলো সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা এবং কারো সঙ্গে শত্রুতা নয়। পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সংলাপের ভিত্তিতে আমরা আমাদের কূটনৈতিক নীতি পরিচালনা করি। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই আমাদের প্রধান উদ্দেশ্য।”
বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার প্রত্যাশা প্রকাশ করেন জামায়াত নেতারা। তারা বলেন, “আগে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করেছি এবং ভবিষ্যতেও আরও ঘনিষ্ঠ সহযোগিতা করতে আগ্রহী।”
বিশেষভাবে আমির শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর আরোপিত ৩০ শতাংশ ট্যারিফ কমানোর অনুরোধ জানান। তিনি বলেন, “ট্যারিফের কারণে বাংলাদেশের গার্মেন্টস ও অন্যান্য রপ্তানিমুখী পণ্যের ওপর মারাত্মক প্রভাব পড়বে। আমরা চাই যুক্তরাষ্ট্র সরকার এই ট্যারিফ পুনর্বিবেচনা করুক যাতে বাংলাদেশের রপ্তানি খাত সচল থাকে।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ-নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান, কেন্দ্রীয় মহিলা পরিষদের সদস্য প্রফেসর ডা. হাবিবা চৌধুরী সুইট, মজলিসে শুরার সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. আমিনা রহমান, এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

কীওয়ার্ডস: জামায়াতে ইসলামীর বৈঠক, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ, বাংলাদেশ নির্বাচন প্রস্তুতি