আন্তর্জাতিক দাবা দিবসে নারায়ণগঞ্জে ৩ চ্যাম্পিয়ন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২১ ২৩:০৮:০৪
image

আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ‘সেইলর চেকমেট নারায়ণগঞ্জ-২০২৫ ইন্টার স্কুল ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং টুর্নামেন্ট’-এ অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১০ বিভাগে তিন প্রতিভাবান কিশোর দাবাড়ু শীর্ষস্থান দখল করেছেন।
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মহসিন ক্লাবে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৮ বিভাগে সাউথ পয়েন্ট স্কুলের রায়ান রশিদ মুগ্ধ ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। তার কৌশলী চাল ও ধারাবাহিকতা দর্শকদের নজর কাড়ে।
এছাড়া, অনূর্ধ্ব-১৪ বিভাগে সাফায়েত কিবরিয়া আজান, যিনি একই স্কুলের শিক্ষার্থী, ৫.৫ পয়েন্ট নিয়ে সেরা স্থানটি দখল করেন। আর অনূর্ধ্ব-১০ বিভাগে নারায়ণগঞ্জ ফিলোসোফিয়া স্কুলের মোহাম্মদ মাবরুর রাদ ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়নের ট্রফি হাতে তোলেন।
সোমবার (২১ জুলাই) সমাপ্ত হওয়া এই আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। তিনি বলেন, “যেসব কিশোর দাবাড়ু এখানে অংশ নিয়েছে, তাদের মধ্যেই আগামী দিনের আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার লুকিয়ে আছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম। তিনি দাবা খেলার বুদ্ধিবৃত্তিক বিকাশে অবদানের কথা উল্লেখ করেন।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ইপিলিয়ন গ্রুপের সিএসআর প্রধান নাজমুল আহসান, আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ, এবং চেজবাংলাদেশ.কম সম্পাদক মোরসালিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেরিনা জাহান।
‘সেইলর চেকমেট নারায়ণগঞ্জ ২০২৫’ টুর্নামেন্টটি আয়োজন করে নারায়ণগঞ্জ মহসিন ক্লাব। পৃষ্ঠপোষকতায় ছিল জনপ্রিয় পোশাক ব্র্যান্ড সেইলর, এবং আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ দাবা ফেডারেশন। পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে।
টুর্নামেন্টে নারায়ণগঞ্জ ও আশপাশের জেলা থেকে ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুর্ধ্ব-১৮, ১৪ ও ১০ তিনটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতাটি পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ও অতিথিরা একবাক্যে স্বীকার করেন, দাবা একটি আন্তর্জাতিক মেধাভিত্তিক খেলা, যা শিক্ষার্থীদের মননশীলতা, ধৈর্য এবং কৌশলগত চিন্তা শক্তি বাড়াতে সহায়তা করে। তারা দাবা খেলাকে বিদ্যালয়ের সহপাঠ্য কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

ঃসেইলর চেকমেট নারায়ণগঞ্জ ২০২৫, আন্তর্জাতিক দাবা দিবস বাংলাদেশ, রায়ান রশিদ মুগ্ধ দাবা, শিশু দাবাড়ু চ্যাম্পিয়ন, নারায়ণগঞ্জ দাবা প্রতিযোগিতা