রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানি ঘটেছে এবং অন্তত ১৭১ জন আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই মর্মান্তিক ঘটনার পরপরই উদ্ধার তৎপরতায় নামে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী, পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ ইউনিট। বিকেল সাড়ে ৫টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে আহত ও নিহতদের অবস্থানসংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে।
আইএসপিআর সর্বশেষ তথ্য:
আহত (মোট: ১৭১ জন):জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ৭০ জন,উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন,সিএমএইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল): ১৭ জন,লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: ১১ জন,কুয়েত মৈত্রী হাসপাতাল: ৮ জন,ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক): ৩ জন,কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ১ জন,উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ১ জন।
নিহত (মোট: ২০ জন):
সিএমএইচ: ১২ জন
জাতীয় বার্ন ইন্সটিটিউট: ২ জন
ঢামেক: ১ জন
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ২ জন
লুবনা জেনারেল হাসপাতাল: ২ জন
উত্তরা আধুনিক হাসপাতাল: ১ জন
সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার একটি ভবনে আছড়ে পড়ে। ঘটনাস্থলে মুহূর্তেই আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ি থেকে লোকজন ছুটে আসে সাহায্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই একটি বিকট শব্দ শোনা যায় এবং স্কুল ভবনের একটি অংশে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উভয়েই ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকেও বিশেষ টাস্কফোর্স গঠন করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ কয়েকটি রাজনৈতিক দল আজ ও আগামীকাল তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে এ মর্মান্তিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে।
উত্তরার এই দুর্ঘটনা জাতিকে আবারও স্তব্ধ করে দিয়েছে। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দোষী কেউ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট মহল।
উত্তরাবিমানদুর্ঘটনা,UttaraPlaneCrash2025,ISPRList,আহতওনিহতেরতালিকা,ঢাকাবিমানদুর্ঘটনা