উত্তরায় বিমান বিধ্বস্তে শোকাহত এনসিপি,ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২১ ১৮:৩৭:৩৭
image

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের পাশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চলমান ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা পর্ব স্থগিত করেছে।
পদযাত্রা স্থগিতের বিষয়টি সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,
"উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সারাদেশ শোকাহত। এমন প্রেক্ষাপটে আমরা কোনো কর্মসূচি পালন উপযুক্ত মনে করছি না। কেন্দ্রীয় নেতারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।"
বিমান দুর্ঘটনার খবর আসার সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা কর্মসূচি শেষ করে ফেনীর উদ্দেশে যাত্রা করছিলেন। সেখানে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা সমবেত হয়েছিলেন। কিন্তু বিকেলের ভয়াবহ ঘটনার পরপরই জরুরি বৈঠকে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার সব কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
২১ জুলাই: ফেনী জেলা পদযাত্রা (স্থগিত)
২২ জুলাই: নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা পদযাত্রা (স্থগিত)

জাতীয় নাগরিক পার্টি চলতি জুলাই মাসজুড়ে দেশজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির মাধ্যমে দলটি গণসংযোগ, সাংগঠনিক পুনর্গঠন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির কাজে মনোনিবেশ করে।
১ জুলাই শুরু হওয়া এই পদযাত্রা কর্মসূচির আওতায় ইতিমধ্যে কয়েকটি জেলা সফর করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কিন্তু আজকের দুর্ঘটনার শোকাবহ পরিস্থিতিতে দলটি দায়িত্বশীল অবস্থান থেকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়।
এহসানুল মাহবুব জোবায়ের আরও বলেন- “শিক্ষার্থী, শিক্ষক, পথচারীসহ যাঁরা নিহত বা আহত হয়েছেন, তাঁদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা জানাই। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি জাতীয় শোক। দল হিসেবে আমরা মানুষের কষ্টের পাশে দাঁড়ানোকে আমাদের প্রথম কর্তব্য মনে করি।”

সকালের আলো পরিবারের শোকবার্তা:
“উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। 'সকালের আলো ডট কম' পরিবার শোকাহত জাতির পাশে আছে এবং এনসিপির পদক্ষেপকে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ হিসেবে সম্মান জানায়।”