উত্তরায় বিমান বিধ্বস্ত: মৃত্যু ১৯, আহত ২০০’র বেশি,তারকাদের শোক ও রক্তদানের আহ্বান

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২১ ১৮:২৭:২৭
image

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পুরো দেশ শোকস্তব্ধ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে ক্লাস চলাকালীন হঠাৎ করে প্রশিক্ষণ বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ে। ভবনের একাংশ ভেঙে পড়ে, মুহূর্তেই তৈরি হয় হাহাকার, আতঙ্ক ও আগুনের লেলিহান শিখা। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করতে গিয়ে অনেকেই দগ্ধ হন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালগুলোতে রক্তের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বি-পজিটিভ ও ও-পজিটিভ রক্তের চাহিদা বেশি।
এই হৃদয়বিদারক ঘটনায় দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
কণ্ঠশিল্পী কনকচাঁপা ফেসবুকে লিখেছেন: "স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, পথচারী ও পাইলটসহ সবাইকে নিয়ে আমাদের হৃদয় ভারাক্রান্ত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।"
গায়িকা পড়শি লিখেছেন: “উত্তরা মাইলস্টোন স্কুলে ট্রেনিং বিমান বিধ্বস্ত। সকল শিক্ষার্থীসহ যারা আক্রান্ত হয়েছেন সবার জন্য প্রার্থনা করছি।”
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন: “উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।”
অভিনেতা তৌসিফ মাহবুব রক্তদানের জরুরি প্রয়োজন তুলে ধরে বলেন: “উত্তরার আশপাশে যারা আছেন, রক্ত দিতে পারেন-তারা দয়া করে হাসপাতালগুলোতে গিয়ে রক্ত দিন। এই মুহূর্তে আপনার রক্তই কারও জীবন বাঁচাতে পারে।”
নাট্যশিল্পী সাদিয়া আয়মান অনুরোধ জানিয়েছেন: “উত্তরা আধুনিক হাসপাতাল ও মনসুর আলী মেডিকেলে প্রচুর রক্তদাতার প্রয়োজন। প্লিজ এগিয়ে আসুন, সময় এখনই।”
অভিনেতা সাইফ খান নিজের উদ্বেগ প্রকাশ করে বলেন: “একটি বিমান ভবনের ওপর ক্র্যাশ করে, পুরো ভবন আংশিক ধসে পড়ে। চারপাশে আতঙ্ক আর কান্না। সবাইকে অনুরোধ করছি ভিড় না করে উদ্ধারকাজে সহায়তা করুন।”
অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন: “আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বহু ছাত্র-ছাত্রী হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো।”
অভিনেত্রী সোহানা সাবা বলেন: “আমার ধারণাই ছিল না যে ঢাকার মতো জনবহুল এলাকায় বিমান চালনার প্রশিক্ষণ হয়! ভাবতেই কষ্ট হচ্ছে!”
গায়ক ও সংগীত পরিচালক তানভীর ইভান সামাজিক মাধ্যমে লেখেন: “এই সময়ে আমাদের সবার উচিত—হাসপাতালে গিয়ে রক্ত দেওয়া। জীবন রক্ষার চেয়ে বড় কিছু নেই।”
সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন-এমন জনবহুল এলাকায় কীভাবে বিমান প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়? অনেকে জাতীয় নিরাপত্তা ও শিশুদের জীবন নিয়ে প্রশাসনের গাফিলতির কঠোর সমালোচনা করেছেন।
অভিভাবক মহলে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। ‘স্কুলে পড়তে গিয়ে সন্তান হারাবো-এটা আমরা কল্পনাও করিনি’-বলে কান্নায় ভেঙে পড়েন এক অভিভাবক।

সকালের আলো পরিবারের শোকবার্তা:
“উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে ‘সকালের আলো ডট কম’ পরিবার। আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি। আমরা এই দুঃসময় কাটিয়ে উঠতে জাতির পাশে আছি।”
আহবানঃ
-যারা উত্তরা ও আশপাশে আছেন, রক্ত দিতে পারবেন—ঢাকা মেডিকেল, উত্তরা আধুনিক ও মনসুর আলী মেডিকেলে যান
-বিনা কারণে ঘটনাস্থলে ভিড় না করে উদ্ধারকাজে সহায়তা করুন
-শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন
-রাজনৈতিক নেতাগণ এই মূহুর্তে হাসপাতালে ভিড় করলে চিকিৎসা ব্যহত হতে পারে,তাই শোক বিবৃতি দিন,কর্মীদের নির্দেশ দিন প্রয়োজনীয় রক্ত ম্যানেজ করতে।

উত্তরাবিমানদুর্ঘটনা,MILESTONEবিমানবিধ্বস্ত,উত্তরাসংঘর্ষ,BangladeshAirForceCrash,UttaraPlaneCrash2025