দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের আগুনঝরা বোলিং এবং পারভেজ হোসেন ইমনের শান্ত ও দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ ৭ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।
রোববার (২০ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ২৮ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ দল।
পাকিস্তানের ইনিংস ধসিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন পেসার তাসকিন আহমেদ। ৩.৩ ওভারে ২২ রানে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
অন্যদিকে মোস্তাফিজুর রহমান তার চেনা কৌশলিক বোলিংয়ে ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। এটি টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো বাংলাদেশি বোলারের সবচেয়ে কৃপণ বোলিং রেকর্ডগুলোর একটি।
ফলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ কার্যত ভেঙে পড়ে। একমাত্র ফখর জামান কিছুটা লড়াই করে ৩৬ বলে করেন ৪৪ রান। তবে দলের বাকিরা ছিলেন প্রায় নিস্তেজ।
মাত্র ১১১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে বাংলাদেশ শুরুতেই পড়ে যায় বিপদে। প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ১ রানে বিদায় নেন। এরপর ক্যাপ্টেন লিটন দাসও একই স্কোরে ফেরেন। স্কোরবোর্ডে তখন মাত্র ৭ রান, উইকেট দুইটি হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
তবে চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন তাওহিদ হৃদয় ও ওপেনার পারভেজ হোসেন ইমন। তারা ৭৩ রানের কার্যকর জুটি গড়েন। হৃদয় ৩৬ রান করে আউট হলেও ইমন ছিলেন একপ্রান্তে অবিচল।
৩৯ বল খেলে ৩টি চার ও ৫টি চোখধাঁধানো ছক্কায় ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইমন। শেষদিকে জাকের আলিকে সঙ্গে নিয়ে ২৮ বল হাতে রেখেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
এই জয়ের মাধ্যমে ২০১৬ সালের এশিয়া কাপে মিরপুরেই পাকিস্তানকে হারানোর স্মৃতি নতুন করে উজ্জ্বল করলো বাংলাদেশ। ওই ম্যাচে ৫ উইকেটের জয় এসেছিল, এবার ৭ উইকেটের।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এখন টাইগাররা আত্মবিশ্বাসের তুঙ্গে। সামনে রয়েছে দ্বিতীয় ম্যাচ—যা হতে পারে সিরিজ নির্ধারণকারী মুহূর্ত।
কিওয়ার্ডস :বাংলাদেশ_ক্রিকেট, পাকিস্তান_বিপক্ষে_জয়, ParvezHossainEmon,MustafizurRahman, T20SeriesBangladeshPakistan