প্র দী প গু প্ত

  • কালপুরুষ
  • ২০২৫-০৭-২০ ১৩:২৯:১৩
image

বুক ফুলিয়ে ঝড়ের মুখোমুখি দাঁড়াও
দেখবে ঝড় ঠিক মুখ ঘুরিয়ে নেবে 
সমস্ত শক্তিকে জড়ো করে অশান্ত সমুদ্রের বুকে ঝাঁপাও
সমুদ্র তোমার পা ধুইয়ে দিয়ে ফিরে যাবে,
মেঘের বুক চিরে নেমে আসা বজ্রকে
তুমিই তো পারো কালো ঘোড়ার মতো বশ মানাতে
আর সেই লাগাম হাতে নিয়ে অন্যায় অবাধ্যতার
বুকের ওপর দিয়ে ছুটে যাওয়ার জন্যই তো
তোমার জন্ম!
কালপুরুষ --
তোমার পেছনে সহস্র যোজন ছায়া।
ওই ছায়াঘন অন্ধকার তো তোমারই মুখ চেয়ে
অপেক্ষার কাল গুনছে।

সময় এসেছে ওদের
তোমার কথা শুনবে বলে।
তুমি সময়কে বলো, 
তুমি প্রস্তুত আছো আজ
মুখোমুখি দাঁড়াবার.