শান্তির উদ্যোগের মধ্যে রাশিয়ার ভয়াবহ হামলা: নতুন আলোচনার প্রস্তাব দিল ইউক্রেন

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-২০ ১২:৫৪:৩৬
image

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে আশার আলো দেখাতে চাচ্ছে কিয়েভ। যুদ্ধবিরতি ও টেকসই শান্তির লক্ষ্যে আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে চায় ইউক্রেন। তবে একইসঙ্গে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রমাণ হয়েছে, যুদ্ধ বন্ধের পথ এখনও কণ্টকাকীর্ণ।
শনিবার (১৯ জুলাই) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন যে, ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ রুশ আলোচকদের সঙ্গে নতুন দফার আলোচনার প্রস্তাব দিয়েছেন।
জেলেনস্কি বলেন, “যুদ্ধবিরতির জন্য সবকিছু করা উচিত। রাশিয়ান পক্ষের সিদ্ধান্ত থেকে আড়াল হওয়া বন্ধ করা উচিত।”
তিনি আরও বলেন, শান্তি নিশ্চিত করতে হলে উচ্চ পর্যায়ে, অর্থাৎ পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক প্রয়োজন। যদিও রাশিয়া এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
জেলেনস্কির শান্তি আহ্বানের মাঝেই ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, শুক্রবার রাতে রাশিয়া ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র মূলত ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই নিক্ষেপ করা হয়।
তবে ইউক্রেনের বাহিনী ৭১১টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয় বলে জানানো হয়েছে।
এই আক্রমণকে ইউক্রেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে ‘বেপরোয়া ও পরিকল্পিত আক্রমণ’ হিসেবে চিহ্নিত করেছে।
রাশিয়ার রাতভর চালানো এই আক্রমণের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, “ইউক্রেনের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা এর পক্ষে আছি।”
তিনি ইউক্রেনের জন্য আরও ‘প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম’ পাঠানোর ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস জার্মান সংসদে বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার হামলার নিন্দা জানান। তিনি বলেন, “ইউক্রেনের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের শান্তির প্রস্তাব একদিকে ইতিবাচক পদক্ষেপ হলেও রাশিয়ার পাল্টা আগ্রাসন সেই সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করছে।
বিশেষ করে পুতিন প্রশাসনের চুপ থাকা ইউক্রেনের শান্তি প্রস্তাবকে মেনে নেওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত মাসেও দুই দেশের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা কোনো সমঝোতা ছাড়াই স্থগিত হয়।

কিওয়ার্ডস:UkrainePeaceTalks,ZelenskyPutinMeeting,RussiaDroneAttack,ইউক্রেনরাশিয়াযুদ্ধ,UkraineRussiaConflict, ড্রোনহামলা,ZelenskySpeech,TrumpSupportUkraine