শালবাহান তেল খনি পুনরায় চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ও র‍্যালি

  • পঞ্চগড় প্রতিনিধি :
  • ২০২৫-০৭-২০ ১২:২৩:৫৮
image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহানে অবস্থিত বন্ধ হয়ে যাওয়া তেল খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তেঁতুলিয়া সচেতন নাগরিক কমিটি’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন হানিফ। বক্তব্য দেন শিক্ষানবিশ আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, সরকার হয়দার, সোহরাব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৮৭ সালে ভূকম্পন জরিপের মাধ্যমে শালবাহানে তেলের অস্তিত্ব ধরা পড়ে। পরে ১৯৮৯ সালে তেল উত্তোলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তৎকালীন রাষ্ট্রপতি এইচ. এম. এরশাদ ফ্রান্সের 'ফরোসল' নামের কোম্পানির মাধ্যমে খননের উদ্বোধন করেন। ৮ হাজার ফুট গভীরতায় ১২ ইঞ্চি ব্যাসের কূপ খনন করে উত্তোলন শুরু হলেও এক সপ্তাহের মধ্যেই কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ফরোসল কোম্পানিও সব কার্যক্রম গুটিয়ে নেয়। কেন তেল উত্তোলন বন্ধ হলো, সে বিষয়ে আজও কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
বক্তারা অভিযোগ করে বলেন, ফরোসল পরবর্তীতে শালবাহান খনির বিপরীত প্রান্তে, ভারতের জলপাইগুড়ি জেলার জমাদারপাড়ায় খনন কাজ শুরু করে। অনেকের ধারণা, ভারত গোপনে ঐ এলাকা থেকে তেল উত্তোলন করছে।
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, শালবাহান খনি বন্ধ হওয়ার কারণ অনুসন্ধানে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দ্রুত খনি চালুর কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একটি রঙিন র‍্যালি বের করা হয়, যা তেঁতুলিয়া চৌরাস্তা বাজার ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের দাবির কথা জানান।
এ সময় এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে শালবাহান তেল খনি পুনরায় চালুর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।