পাইকগাছায় ইটবাহী ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধ নিহত

  • শেখ নাদীর শাহ্,
  • ২০২৫-০৭-১৯ ১৬:০৪:৫৯
image

পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছায় সাইকেলযোগে মৎস্য ঘেরে যাওয়ার পথিমধ্যে ইটবাহী ট্রলির ধাক্কায় মোকছেদ গাজী নামের সত্তরোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বোরহানপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মোকছেদ গাজী ওই এলাকার মৃত মেনু গাজীর ছেলে।
তাৎক্ষণিক চালক ইকবাল হোসেন ঘাতক ট্রলিটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি থেকে তিনি সাইকেলযোগে পাশ্ববর্তী নিজেদের মৎস্য ঘেরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে বায়তুল মামুর পাঞ্জেগানা মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ইটবোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে সামনেই সড়কের উপর ছিটকে পড়েন তিনি। এসময় ইটবাহী ট্রলির চাকা তার কোমরের ওপর দিয়ে চলে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সর্বশেষ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।