অ র্চ না মা লা কা র

  • আমি আর বাঁচতে চাই না
  • ২০২৫-০৭-১৬ ১৩:১০:২০
image

আমি আর বাঁচতে চাই না মনুষ্যত্বহীন পৃথিবীতে
যেখানে প্রতিদিন হারিয়ে যায়
রোজা, ময়না, রীপা, আছিয়া এমনি নাম না জানা কত শিশু।
প্রতিনিয়ত বুক কেঁপে ওঠে ধর্ষিতার আত্মহননে।
আমি আর বাঁচতে চাই না --
যেখানে ফিরে এসেছে আদিম বর্বরতা,
হায়েনারা প্রকাশ্যে পাথর ছুড়ে হত্যা করে মানুষকে।
অথচ এ দৃশ্য দেখে কেউ প্রতিবাদ করে না,
শোনে না অসহায়ের আর্তচিৎকার।
এখানে আইন নেই, বিচার নেই, নেই বাক স্বাধীনতা,
স্বাধীনতার নামে চলছে কেবল স্বেচ্ছাচারিতা।
আমি প্রতিবাদ করতে পারি না ভয়ে --
কাপুরুষের মতো মাথা নিচু করে পালিয়ে আসি
এমন অব্যক্ত যন্ত্রণা আমাকে কুরে কুরে খায়।
হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে আসে ---
এমন অথর্ব জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না
বাঁচতে চাই না গর্তে লুকানো শৃগালের মতো।