ওরা কারা--
যারা দিনে-দুপুরে মানুষের রক্ত গিলে ফেলে,
চাঁদার রসিদ ছাপায় ভয় আর ক্ষমতার ছায়ায়?
ওদের হাত কি কারও আশীর্বাদে শক্ত?
নাকি আমাদের নীরবতায়?
রাস্তার মোড়ে পড়ে থাকে একেকটা লাশ--
কখনো মেয়ে, কখনো বাবা, কখনো দোকানদার।
মৃত্যুর পাশে দাঁড়িয়ে থাকে
কিছু পরিচিত মুখ--
যাদের নাম সবাই জানে,
কিন্তু বলতে ভয় পায়।
সোহাগ মরেছে মিটফোর্ডে--
স্রেফ চাঁদা না দেওয়ার ‘অপরাধে’।
বিশ্বজিৎ মরেছে চাপাতির কোপে,
আর শহর থমকে আছে--!
কত নাম বললে মানবতা রুখে দাঁড়াবে?
নাকি--
রক্ত মুছে, আবার রক্ত দেখার অপেক্ষায়?
আমরা শুধু চাই একটুকরো ন্যায়।
না কোনো রাজনৈতিক সুবিধা,
না প্রতিশোধ, না শত্রুতা--
শুধু সত্যের পক্ষে দাঁড়ানো এক রাষ্ট্র।
আর কত দিন চলবে এই রক্তের উৎসব?
আর কতজন মরলে শেষ হবে হিসেব?
প্রতিবাদ করছি--
কবিতার ভাষায়, চোখের ভাষায়,
রাস্তায় দাঁড়িয়ে, কণ্ঠ উঁচু করে।
বিচার চাই--
এই সমাজের, এই রাষ্ট্রের, এই মানবতার নামে।
চাঁদাবাজের শাস্তি হোক উদাহরণ,
খুনিদের মুখোশ উন্মোচিত হোক,
আর আমরা যেন একদিন বলতে পারি--
“এইবার সত্যি বদল এসেছে।”