মোখলেসুর রহমানের (সিধু ভাই) সাক্ষাত্কারভিত্তিক রচনা 'আমার জীবন-কথা ও সময়'

  • সাক্ষাত্কার গ্রহণকারী সরদার ফজলুল করিম ও মুস্তাফা নূরউল ইসলাম
  • ২০২৩-০৮-১৮ ২০:২১:৪২
image

মোখলেসুর রহমান ১৯২১ সালে রংপুর জেলার নীলফামারী মহকুমার ডিমলা থানার খগাখড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম সিধু মিয়া। তিনি ছিলেন এক বিত্তশালী পরিবারের সন্তান। কিন্তু তাঁদের পরিবার জোতদার হিসেবে পরিচিত ছিল। উত্তরবঙ্গের তেভাগা আন্দোলনের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। পড়াশোনা সমাপ্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি কলকাতা, ঢাকা ও চট্রগ্রামে ছিলেন অনেক দিন। পরবর্তী সময়ে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। দেশভাগ-পরবর্তী সময়ে তিনি পূর্ব বাংলার সব রাজনৈতিক আন্দোলনে কখনো প্রত্যক্ষ, আবার কখনো পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৭৫-এর রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে তাঁর ভাই মসিউর রহমান (যাদু মিয়া) রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি তাঁর ভাইকে বুদ্ধি-পরামর্শ সহযোগিতা করেছেন। একজন রাজনীতিসচেতন ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। বাংলাদেশের সব রাজনৈতিক নেতার সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ।

এ সাক্ষাত্কারে বিদ্রোহী কবি নজরুল ইসলাম, শ্যামা-হক মন্ত্রিসভা গঠন, প্রেসিডেন্ট ইয়াহিয়া কর্তৃক অ্যাডমিরাল আহসানকে পূর্ব পাকিস্তানের গভর্নর পদে নিয়োগ, পাকিস্তান সরকারের সঙ্গে শিল্পপতি আমিন ও আদমজীর রাজনৈতিক সম্পর্ক, তত্কালীন পশ্চিম পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন নীতি, ব্যবসা-বাণিজ্যে অবাঙালিদের একচেটিয়া সুযোগ-সুবিধা প্রদানের কথা ইত্যাদি বিষয়ের পাশাপাশি ২১ ফেব্রুয়ারির ঘটনা, মুখ্যমন্ত্রী নুরুল আমিনের মূল্যায়ন, ভাসানীর কথা, বিএনপির গঠন, জিয়াউর রহমানের সঙ্গে তাঁর ভাই যাদু মিয়ার সম্পর্ক, বঙ্গবন্ধুর সঙ্গে যাদু মিয়ার সম্পর্ক ইত্যাদি নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ঐতিহাসকি তথ্য উপস্থাপন করেছেন। বাংলাদেশের জাতীয় যাদুঘরের কথ্য ইতিহাস প্রকল্পের আওতায় সাক্ষাত্কারটি গ্রহণ করেছিলেন জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিম (মরহুম) ও মুস্তফা নূরউল ইসলাম। গৃহীত সাক্ষাত্কারের ভিত্তিতেই বর্ণনা আকারে এ রচনাটি ছাপা হলো। আর প্রকল্পটির সমন্বয়কারী ছিলেন ইতিহাসবিদ ড. সালাউদ্দিন আহমেদ।

১. জন্ম-পরিবার
১৯২১ সালে আমার জন্ম। রংপুর জেলার ডিমলা থানার অধীনে, তখনকার নীলফামারী মহকুমায়। ডোমার স্টেশন থেকে ১০ মাইল দূরে আমাদের বাড়ি। বেশ বিত্তশালী বংশেই আমার জন্ম। আমার বাবা পৈতৃক সূত্রে প্রচুর জায়গা-জমি পেয়েছিলেন এবং নিজেও বাড়িয়েছিলেন অনেক। লোকে এ রকম বলত যে ওসমান গনি সাহেব কোনো দিন অন্যের জমির ওপর দিয়ে হাঁটেননি। অর্থাত্ চারদিকে, আমাদের বাড়ির পাশে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমে যত জমি ছিল, তার সবই ছিল তাঁর নিজের। তাঁর নিজের ওই জোতদারির অংশ। আমাদের একটা ছোট জমিদারিও ছিল। ওটা ছিল পোশাকি, অর্থাত্ জাতে ওঠার জন্য। কিন্তু আসল জিনিসটা হলো জোতদারি।
জমিদারি আর জোতদারি—এ দুটোর মধ্যে একটা তফাত আছে। তফাতটা হলো সরাসরি ব্রিটিশরাজকে খাজনা দেওয়া আর একটা নিয়ম ছিল জমিদারকে খাজনা দেওয়া। এই দুটোর মধ্যে জোতদারির ব্যাপারটা হলো, জোতদার হলে খাজনা দিতে হতো জমিদারকে। আমরা জমিদারকে খাজনা দিতাম। প্রায় আট-দশজন জমিদার ছিলেন, যাঁদের খাজনা দিতে হতো।
আমরা মূলত পরিচিত ছিলাম জোতদার হিসেবে। আর আমাদের জমিদারিটা ছিল স্রেফ জাতে ওঠার জন্য। অনেকেই বলে থাকেন, সামাজিকভাবে জোতদার শব্দটা তত সম্মানজনক শব্দ ছিল না। কিন্তু সেটা ঠিক নয়। সম্মানজনক ছিল। কেননা, জোতদারদের হাতেই তো তখন ছিল টাকাপয়সা। জমিদারেরা তখন প্রায় সবাই কোর্ট অব ওয়ার্ডসে চলে গেছেন। তাঁরা প্রচুর ব্যয় করতেন। সেই ব্যয়ের জন্য বেশির ভাগ জমিদারেরই তখন দেউলে দশা। আর জমিদারেরা পেতেন কেবল খাজনা। জোতদারেরা তাঁদের কাছ থেকে যে জমিগুলো নিতেন, সেগুলো পত্তন জমি হলেও নিজেদের সরাসরি চাষাবাদের আওতায় নিয়ে আসতেন এবং সেখান থেকেই সারপ্লাস আরও অনেক বেশি থাকত। তাঁরা (জমিদারেরা) নির্দিষ্ট পরিমাণ খাজনার টাকার পরিবর্তে জমি দিতেন। সেখান থেকে কমপক্ষে তার চেয়ে আট-দশ গুণ বেশি আমরা বর্গাচাষিদের কাছ থেকে পেতাম।
আমাদের ওদিকে চাষাবাদের যে প্রথার প্রচলন ছিল, সেটা ছিল আধিয়ার প্রথা। তার মাধ্যমেই আমরা সেটা করতাম। কিন্তু জমির মালিক ছিলাম আমরা। নির্দিষ্ট একটা খাজনার পরিবর্তে জমিদারের কাছ থেকে জমি নিয়ে তারপর সেই জমি আমরা আধিয়ারকে দিয়ে চাষ করাতাম। এবং এর রিটার্ন অন্তত ওই খাজনা বা যে টাকার বিনিময়ে জমি নিতাম, তার চেয়ে আট-দশ গুণ বেশি আমরা পেতাম। এ জন্যই উদ্বৃত্ত একটা সুদ জমত জমিদারের কাছে এবং অনেক সময় তাঁরা এটা উড়িয়ে দিতেন। নানা রকম ব্যয় করে নষ্ট করে দিতেন; কিন্তু যাঁরা একটু হিসাবি ছিলেন, তাঁরা এটাকে দুভাবে ব্যবহার করতেন। মানে আমার বাবা যেভাবে ব্যবহার করতেন আরকি। তাঁর পারিবারিক ব্যয়ভার বহন করার পর যা থাকত, তিনিও সেটা দুভাবেই ব্যবহার করতেন। একটা হলো যে লগ্নি কারবারে তাঁর এই টাকা খাটানো। যেমন ধরেন, ধানের মৌসুমে কিছু ধানের পাইকার এল, তাদের অর্থায়ন করার জন্য তখন কোনো ব্যাংক ছিল না। তাদের একটা নির্দিষ্ট টাকার পরিবর্তে, ধরুন—১০ হাজার টাকা দিলাম। শর্ত হলো, চার হাজার টাকা লাভসহ তিন-চার মাস পর ফেরত দিতে হবে। এই একটা নিয়ম ছিল। আর একটা নিয়ম ছিল যে ওই টাকা যে ধার চাইতে আসত, তাকে সুদে ধার দেওয়া হতো। এটা হলো কৃষি থেকে যে উদ্বৃত্তটা আসত, সেই উদ্বৃত্তটা বিনিয়োগ করার কোনো রাস্তা ছিল না। কাজেই এই দুভাবে তাঁরা এটা বিনিয়োগ করতেন এবং এটা আবার জমির ওপরই খরচ করতেন। এভাবে জমির বিস্তৃতিটা হতো।
ফসল বিক্রি করেই উদ্বৃত্তটা হতো। বিপুল পরিমাণ ফসল আমরা পেতাম। আট-দশ হাজার মণ ধান পেতাম, তিন-চার হাজার মণ পাট আর তামাক পেতাম। এই তিনটা ফসলই তার প্রধান উপার্জনের উত্স ছিল।
টাকাপয়সার অর্থাত্ বিত্তের একটা বর্ণনা দিলাম। পারিবারিক ঐতিহ্য, আপনারা যাকে বলেন ‘শরাফতি’, সে কথা বলতে গেলে বলতে হয়, সে ব্যাপারে আমি কেবল আমার বাবার প্রজন্ম সম্পর্কেই জানি এবং তাঁর বাবা যেহেতু তাঁর জন্য একটা বেশ বড় সম্পত্তি রেখে গেছেন, অনুমান করি, তাঁরও বিশাল একটা সম্পত্তি ছিল। এর আগের ব্যাপারে আমি কিছু বলতে পারব না।

২. পারিবারিক ঐতিহ্য ও শিক্ষা

আমাদের পরিবারের শিক্ষার যে ঐতিহ্য, তার শুরুটা কখন থেকে, সেটা আমি জানি না। আমি কেবল জানি আমার বাবা যখন ক্লাস সেভেন-এইটে পড়তেন, তখন তাঁর বাবা মারা যান। ফলে এর চেয়ে বেশি পড়াশোনা করা তাঁর পক্ষে সম্ভব হয়নি। যাকে বলে আধুনিক শিক্ষাদীক্ষা, সেটা আমাদের প্রজন্ম থেকে এসেছে।

আমাদের রংপুর-দিনাজপুরের ওই এলাকা বা তখনকার জলপাইগুড়ির সঙ্গেও আমাদের কিছু কিছু যোগাযোগ ছিল। তখনকার দিনের মুসলমান সমাজে এই ধরনের বিত্তবান পরিবার যারা ছিল, তাদেরও তো মোটামুটি একই ঐতিহ্য ছিল। তবে আমার বাবা এই ঐতিহ্যের বাইরে ছিলেন। কারণ, উনি নিজে খুব পরিশ্রমী ছিলেন এবং আমাদের, মানে আমার বোনদের লেখাপড়া শিখিয়েছেন এবং বিয়েও দিয়েছেন সেভাবে। আমাদের জোতদার পরিবারের নিয়ম ছিল, এক জোতদার আর এক জোতদার পরিবারে বিয়ে-থা দিত। কিন্তু উনি আমার দুই বোনকে শিক্ষিত পরিবারে বিয়ে দিয়েছিলেন। আমার এক ভগ্নিপতি ছিলেন জজ, আরেকজন ছিলেন ইনকাম ট্যাক্স অফিসার। তিনি দেশবিভাগের অনেক আগেই সহকারী কমিশনার হয়ে মারা যান। কাজেই আমাদের বাড়ির ঝোঁকটাই আলাদা ছিল এবং অন্য মুসলমান পরিবারের সঙ্গে আমাদের খুব বেশি সম্প্রীতি ছিল না এবং সে ঐতিহ্যও ছিল না। আমার বাবাকে সব সময় ধুতি পরতে দেখেছি। খুব সুন্দর ধুতি পরতেন এবং ঈদের নামাজ কোনো দিন পড়তেন না। ঈদের জামাতে আমাদের বাড়ি থেকে শতরঞ্জি যেত, ঈদগাহটাও আমাদের জমির ওপরই ছিল কিন্তু উনি নিজে ঈদের নামাজ কোনো দিন পড়তেন না। আমাদের বলতেন, যাও নামাজ পড়ো, কিন্তু উনি নিজে যেতেন না। আমাদের বাড়িতে গান-বাজনার পরিবেশ ছিল, আমার বড় বোনের শিক্ষার জন্য উনি রবীন্দ্রসংগীতের শিক্ষক রেখেছিলেন ওই গ্রামের বাড়িতেই। যদি প্রশ্ন করেন, আমার বাবা ধুতি পরতেন। তারপর নামাজের প্রতি ব্যক্তিগতভাবে তাঁর আকর্ষণ তেমন ছিল না। উপরন্তু ছেলেমেয়েদের তিনি গান শেখাচ্ছেন, ইংরেজি শিক্ষা দিচ্ছেন, এ জন্য তখনকার সমাজে বা আপনাদের মতো বিত্তবান আরও যাঁরা ছিলেন, তাঁরা আমাদের কী দৃষ্টিতে দেখতেন?

এই প্রশ্নের জবাবে বলব, উনি, মানে আমার বাবা আসলে একটু উন্নাসিক প্রকৃতির লোক ছিলেন। যাঁরা আমাদের বাঁকা চোখে দেখতেন, তাঁদের ধর্তব্যের মধ্যেই আনতেন না। আমি যতটুকু জানি তাঁর বেশির ভাগ বন্ধুবান্ধবই ছিলেন অমুসলমান। মানে তাঁদের প্রায় সবাই হিন্দু ছিলেন। রংপুরে আসতেন, রংপুর থেকে গ্রামের বাড়ি ফিরতেন।

আমাদের গ্রামে জায়গা-জমি যাঁদের ছিল, তাঁদের প্রায় সবাই মুসলমান ছিলেন। হিন্দু আমাদের ওখানে থাকলেও এলাকাটা ছিল শিডিউল কাস্ট বা নিম্নবর্ণের হিন্দুদের এলাকা। কোচ, বর্মণদের সংখ্যাই ছিল বেশি। পরে এরা ক্ষত্রিয় বলে পরিচিত হয়। কিন্তু আশপাশের গ্রামে সে রকমভাবে নিম্নবর্ণের হিন্দুভুক্ত তেমন কোনো পরিবার ছিল না।

যা-ই হোক, আমার বাবা মারা যান ১৯২৮ কি ১৯২৯ সালে। তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি এবং তার আগ পর্যন্ত আমাদের বাড়িতে এবং পুরো গ্রামে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির আবহাওয়া বিরাজ করত। কারণ, আমাদের গ্রামে একটা পুজো হতো। দেবীহাটি বলে একটা হাটে, সেখানে পুজোর আসর বসত। সেখানে হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়েরই লোকজন এসে মহররমের সময়ে লাঠিখেলার প্রতিযোগিতা করত এবং যারাই জিতত, তাদের পুরস্কার দেওয়া হতো। এসব কিছুর চল আমার বাবার সময়ও ছিল। বাবার মৃত্যুর পরও অনেককাল এটা চলেছিল। মানে সবদিক দিয়েই আমাদের গ্রামটা ছিল অসাম্প্রদায়িক। এবং স্বয়ম্ভর গ্রাম বলতে যা বোঝায়, তা-ই ছিল সেটা। সেখানে তাঁতি ছিল, সেখানে কুমার ছিল, সেখানে নাপিত-ধোপা সবকিছুই ছিল। আমরা কেউ কেউ হয়তো সেখানকার কোনো কাপড় পরতাম না। তবে আমাদের ওখানে কোচ-বর্মণ শ্রেণি যেমন রঙিন ডুরে কাপড় পরে বুকের সঙ্গে আঁটসাঁট করে বেঁধে রাখে, তারা ও তা-ই করত। ওখানে তাঁতে উত্পাদিত কাপড় ইত্যাদি স্থানীয়ভাবেই বিক্রি হতো। এ সবকিছুই এখন উঠে গেছে। (চলবে)

সূত্র-প্রতিচিন্তা।।