জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চলবিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এটি জাতিসংঘের মানবাধিকার কাঠামোর জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।
ইইউ মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থাকে দৃঢ়ভাবে সমর্থন করে। ফ্রান্সেসকা আলবানিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এক ঘোষণায় বলেন, “গাজার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে একতরফা ও অবান্তর সমালোচনা করায় আলবানিজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।”
জাতিসংঘও এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একটি "বিপজ্জনক নজির" তৈরি করেছে।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, “জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার হয়ে যারা মানবাধিকার রক্ষায় কাজ করেন, তাদের বিরুদ্ধে আক্রমণ বা হুমকি দেওয়া বন্ধ হওয়া জরুরি।”
২০২২ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘ দূতের দায়িত্বে থাকা ইতালিয়ান মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ সম্প্রতি একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেন। তাতে বেশ কয়েকটি আমেরিকান কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ইসরায়েলের দখলদার নীতি,গাজায় সম্ভাব্য গণহত্যা এবং বর্ণবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়।
প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েল সরকারের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র থেকে আসে নিষেধাজ্ঞার ঘোষণা।
এ ঘটনা ছাড়াও, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় যুক্তরাষ্ট্র সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের চার বিচারককে ভিসা নিষেধাজ্ঞার আওতায় এনেছে।
প্রসঙ্গত, ফ্রান্সেসকা আলবানিজ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল দ্বারা নিযুক্ত হলেও তিনি জাতিসংঘের অফিসিয়াল প্রতিনিধি নন। তার দায়িত্ব হলো নিরপেক্ষভাবে কোনো নির্দিষ্ট অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা, তথ্য বিশ্লেষণ করা এবং একটি স্বাধীন প্রতিবেদন উপস্থাপন করা।
কিওয়ার্ডস: ফ্রান্সেসকা আলবানিজ নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্র বনাম জাতিসংঘ, গাজা মানবাধিকার প্রতিবেদন, ইউরোপীয় ইউনিয়ন প্রতিক্রিয়া, মার্কিন পররাষ্ট্রনীতি গাজা, জাতিসংঘ বিশেষ দূত নিষেধাজ্ঞা, ফিলিস্তিন পরিস্থিতি ২০২৫