সময়ের মহিমায় নিঃস্ব অতীত
বর্ণালী প্রজাপতি পাখা !
সে উড়তে চায়,
নিয়ে যেতে চায়, সম্পর্কের অভিধাহীন সেই সব মানুষগুলোর কাছে
যারা কোনদিন আমার ছিলো না।
হয়তো খড়কুটো হাতে
একসাথে সময় স্রোতে ভেসেছিলাম।
সময়ের জোয়ার ভাটায়, ওই মানুষগুলো
অনেক আগেই পাড়ে পৌঁছে গেছে।
আমি স্রোতে ভাসিনি, শুধু পাড় ভেঙেছি।
ছেলেবেলায় গুণীজনে সময়ের মূল্য শেখাতো,
সে পাঠ অসমাপ্ত রেখে,
আমি ঘাস বনের ভেতর দিয়ে, আলপথ ধরে
শেষ ট্রেনের প্যাসেঞ্জার হওয়ার সাধে,
সময়কে মুঠোবন্দী করতে চেয়েছি।
ভবিষ্যতের কাছে সময় বরাবর বন্ধকী,
যেমন নদী পাহাড়ের কাছে অভিমান গচ্ছিত রেখে
অজানা গন্তব্যে অভিমুখ বদলায় !
তাই আমার সময় আর স্মৃতি ,একই সুতোর মালা।
যা কিছু হারায়, সবই সঞ্চয়।
মহাসমুদ্রের ফেনিল ঢেউ ঋণ রাখে না,
তোমার অর্জন তোমাতেই লীন হয়।
সময় স্মৃতি সাজায়,
হয়তো কল্পনায়, হয়তো বাস্তবে।
রিমঝিম বৃষ্টি মুখর মধ্যরাতে
স্বপ্ন জাগরণের সন্ধিক্ষণে
সময় নদীর হাঁটু জলে নামি।
সেই চির চেনা গ্রাম, অথবা উদাসীন শহর,
সেই মরা নদীর বিস্তৃত পাড় জুড়ে তিসি বন !
ছুটে আসছে এক ঝাঁক শৈশব,
সব মাসই মধুমাস।
দখিন হাওয়া, হিমেল হাওয়া, ফাগুন হাওয়া
ছুঁয়ে যায় আমার তপ্ত উদ্ভ্রান্ত মস্তিষ্ক,
শুকতারাটা মিলিয়ে যাওয়ার আগে
পথের দিশা দেখিয়ে যায় !
সময়ের মহিমা সেই বোঝে, যে সময়কে মাড়িয়ে যায়।
আমি হাঁটু জল ভেঙে, সময় নদীর ঢেউ চেপে
বহুদূর বহুদূর অতীতে ফিরি !