কতো কথাই তো তুমি বলো কারণে অকারণে!
তার কিছু বাতাসে ভেসে আসে মন্দ্র মধুর স্বরে,
কিছু কানের পাশ দিয়ে তীব্র বেগে
চলে যাওয়া গুলির মতো ভয় ধরিয়ে দেয়,
আবার কিছু কথা নিঃশব্দে ও গভীর গোপনে
হৃদয়ে রক্ত ঝরায়!
কিছু কথা বর্ষণ মন্দ্রিত তিমির রাতের
নিস্তব্ধতা বিদীর্ণ করা
বিলাপ ধ্বনির মতো মনেহয়!
আবার কতো কথাই তো
তুমি না বলেই বলে যাও
যার কোনো কূল কিনারা
পাই না খুঁজে !
আবার এমনও তো হয়!
তোমার কতো কথা শুনবো বলে
অপেক্ষায় থেকে থেকে রাত ভোর হয়ে যায়!
বলো না, তাই হয় না শোনা কোনোদিনই!
এভাবেই তোমার বলা ও না বলা
সেইসব কথাগুলো নিয়ে ইচ্ছে করলেই
লিখে ফেলা যায়
শাহনামার মতো আরেকটা মহাকাব্য!