নেতা নির্বাচন: তৃণমূলের মত উপেক্ষা কি গণতন্ত্রের পরাজয় নয়?

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৫-০৭-০৯ ১৩:৪৬:১১
image

নেতা নির্বাচনে তৃণমূল নেতাদের মতামত কতটা গুরুত্বপূর্ণ-এই প্রশ্নটি শুধু রাজনৈতিক শুদ্ধাচার নয়,গণতান্ত্রিক মূল্যবোধ,দলের স্থায়িত্ব, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার প্রশ্নেও একটি মৌলিক গুরুত্ব বহন করে। আজকের বাংলাদেশসহ উপমহাদেশের রাজনীতিতে একটি সুস্পষ্ট চিত্র উঠে এসেছে: অধিকাংশ দলেই নেতা নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত, আর তৃণমূল নেতাদের মতামত কেবল আনুষ্ঠানিকতা বা প্রদর্শনীর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই প্রবণতা কেবল দলের অভ্যন্তরীন গণতন্ত্রের ওপরই আঘাত হানে না, বরং দেশের সামগ্রিক গণতন্ত্রের ভবিষ্যৎকেও প্রশ্নবিদ্ধ করে তোলে।
গণতন্ত্রের ভিত্তি হলো প্রতিনিধিত্ব-মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে, যিনি তার কথা বলবেন, তার দাবি তুলে ধরবেন, তার স্বার্থ রক্ষা করবেন। এই প্রতিনিধিত্ব যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয়, তবে তা শুরু করতে হবে রাজনৈতিক দলের ভেতর থেকেই। তৃণমূল নেতারা হচ্ছেন সেই রাজনৈতিক যন্ত্রের চাকা, যারা মাঠে-ময়দানে দলের বার্তা পৌঁছে দেন, জনতার অভাব-অভিযোগ তুলে ধরেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।
কিন্তু যদি এই তৃণমূলের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, মূল্যায়ন বা মতামতকে অবজ্ঞা করা হয়, তাহলে দলের নেতৃত্ব নির্বাচন হয়ে ওঠে একপ্রকার ‘অভিজাত চক্রের’ খেলা, যার সঙ্গে মাঠ পর্যায়ের বাস্তবতা কিংবা জনগণের ইচ্ছার কোনো সম্পর্ক থাকে না। ফলে এমন নেতৃত্ব তৈরি হয়, যারা জনবিচ্ছিন্ন, তৃণমূলের সমস্যা সম্পর্কে অজ্ঞ এবং কেবল দলীয় কেন্দ্রের স্বার্থরক্ষায় নিয়োজিত।

বাংলাদেশের ইতিহাসে তৃণমূলের শক্তি কোনো নতুন আবিষ্কার নয়। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী সাফল্যের অন্যতম ভিত্তি ছিল তৃণমূলের সুসংগঠিত কাঠামো এবং নেতা নির্বাচনে তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ। শেখ মুজিবুর রহমান তখনকার প্রাদেশিক রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উত্তরণে তৃণমূল নেতাদের শক্তিকে কাজে লাগিয়েছিলেন।
পরবর্তী সময়ে এই প্রবণতা ধীরে ধীরে লোপ পেতে থাকে। নেতৃত্ব নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত, মনোনয়ন বাণিজ্য, পদের জন্য জোর-জুলুম বা আর্থিক লেনদেন প্রাধান্য পায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, একজন তৃণমূল জনপ্রিয় ও প্রভাবশালী নেতা মনোনয়ন থেকে বঞ্চিত হচ্ছেন কেবল দলীয় কেন্দ্রীয় নেতার পছন্দ নয় বলেই। এমন অনিয়ম কেবল দল নয়, দেশকেও নেতৃত্বহীন করে তোলে।

অতীতের বহু বিতর্কিত মনোনয়ন প্রক্রিয়া এবং দলের ভেতরে নেতৃত্ব বাছাইয়ের ঘটনাগুলোর দিকে তাকালে দেখা যায়, তৃণমূল নেতাদের মতামত নেওয়া হলেও শেষপর্যন্ত সিদ্ধান্ত হয় ‘উপরের নির্দেশে’। অথচ দলের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখার স্বার্থে নেতৃত্ব বাছাইয়ের কাজ হওয়া উচিত স্বচ্ছ, যুক্তিভিত্তিক এবং অংশগ্রহণমূলক। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি নিজেকে দলের একমাত্র ‘চিন্তাশীল কর্ণধার’ হিসেবে স্থাপন করেন, তবে তা এক ধরনের দলীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে।
রাজনৈতিক দলের নেতৃত্ব বাছাই যদি এমন হয় যে, যে বেশি অর্থ খরচ করতে পারবে বা যে কেন্দ্রের ঘনিষ্ঠ তারাই কেবল মনোনয়ন পাবে, তাহলে রাজনীতিতে মেধা, মাঠে শ্রম দেওয়া কিংবা জনসম্পৃক্ততার কোনো মূল্য থাকবে না। আর তখনই রাজনীতির প্রতি মানুষের আস্থা কমতে শুরু করে, সৃষ্টি হয় নেতিবাচক রাজনীতির।

তৃণমূল নেতৃত্বের মতামত উপেক্ষার ফলে যে নেতারা নির্বাচিত হন, তারা প্রান্তিক জনগণের চাহিদা সম্পর্কে প্রায়শই উদাসীন থাকেন। তারা নির্বাচনের পর সাধারণত কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় থাকেন, তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন অনুভব করেন না। এতে করে:
দলীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে-মাঠ পর্যায়ে কর্মীরা নেতিবিচ্ছিন্ন হয়ে পড়েন, দলের প্রতি দায়বদ্ধতা কমে যায়।
গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়-গণতান্ত্রিক অংশগ্রহণ যখন কেবল নির্বাচনী মৌসুমে সীমাবদ্ধ থাকে, তখন তা একপ্রকার ‘ইলেকটোরাল অথরিটারিয়ানিজম’-এর জন্ম দেয়।
দলীয় কোন্দল বাড়ে -তৃণমূল অবজ্ঞার ফলে ক্ষোভ জন্মায়, যা বিভক্তি, বিদ্রোহ কিংবা দলত্যাগের মতো ঘটনার জন্ম দেয়।
জনগণের আস্থা হারায়- জনগণ যখন দেখে তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নয়, কেন্দ্রীয় নেতার মনোনীত ‘প্যারাশুট নেতা’ নেতৃত্বে আসছে, তখন তারা রাজনীতির প্রতি অনাগ্রহী হয়ে পড়ে।

তৃণমূলভিত্তিক নেতা নির্বাচনের জন্য প্রয়োজন একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রাতিষ্ঠানিক কাঠামো। রাজনৈতিক দলগুলোতে উচিত নি:স্বার্থভাবে নিম্নস্তর থেকে উপরের স্তর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া কার্যকর করা, যাতে অংশগ্রহণ নিশ্চিত হয় এবং প্রকৃত জনপ্রিয় নেতৃত্ব উঠে আসতে পারে। এমন একটি কাঠামো থাকা দরকার, যেখানে:
ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত নেতৃত্ব নির্বাচনে গোপন ব্যালট ও খোলামেলা প্রতিদ্বন্দ্বিতা থাকবে।
প্রতিটি পর্যায়ে নিরীক্ষিত ভোটার তালিকা ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
মনোনয়নের ক্ষেত্রে কমপক্ষে ৫০% মতামত স্থানীয় কমিটির কাছ থেকে নেওয়া বাধ্যতামূলক করা হবে।

ভারত, যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের বেশ কিছু রাজনৈতিক দল তৃণমূলভিত্তিক নেতা নির্বাচনে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে। ভারতের কংগ্রেস ও বিজেপি উভয় দলেই একাধিক ক্ষেত্রে দেখা গেছে, ব্লক, জেলা ও রাজ্য পর্যায়ে সম্মেলনের মাধ্যমে দলীয় নেতৃত্ব নির্বাচন হয়। যুক্তরাষ্ট্রে প্রাইমারি নির্বাচন পদ্ধতি রাজনৈতিক অংশগ্রহণ ও জনসম্পৃক্ত নেতৃত্ব নিশ্চিত করে।
এমনকি বৃটেনের লেবার পার্টিও তার নেতাদের নির্বাচন করে সাধারণ সদস্য ও দলীয় সমর্থকদের ভোটে। এই পদ্ধতিগুলো রাজনৈতিক দলগুলোকে শুধু সংগঠিত করে না, বরং গণতন্ত্রে নাগরিকদের বিশ্বাস পুনঃস্থাপন করে।

দলীয় নেতৃত্বে তৃণমূলের ভূমিকা বৃদ্ধি করলে যে লাভ হয়ঃ
১. উঠে আসবে মেধা ও দক্ষতা

রাজনৈতিক সংগঠনে যদি নেতৃত্ব কেবল ঘনিষ্ঠতা বা তোষণ-ভিত্তিক না হয়ে যোগ্যতা ও মাঠপর্যায়ের কাজের ভিত্তিতে হয়, তাহলে রাজনীতির প্রতি যোগ্য তরুণদের আগ্রহ বাড়বে।

২. নেতৃত্বে থাকবে জনসম্পৃক্ততা
তৃণমূল থেকে উঠে আসা নেতারা সাধারণত জনগণের সঙ্গে সংযুক্ত থাকেন। তারা জনমানুষের ভাষা বোঝেন, বাস্তব সমস্যা বোঝেন এবং মানুষের সঙ্গে সহজেই মিশে যান।

৩. দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় থাকে
অংশগ্রহণমূলক নির্বাচন হলে মনোনয়ন-পরবর্তী বিদ্রোহ বা ক্ষোভ কমে। কারণ হারলেও অংশগ্রহণকারীরা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, ফলে ফলাফলকে সহজে মেনে নিতে পারেন।

৪. জনগণের আস্থা বাড়ে
যখন ভোটার দেখবেন তার পরিচিত, জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য স্থানীয় নেতা বড় পদে পৌঁছেছেন, তখন তার রাজনীতির প্রতি আস্থা বাড়ে, অংশগ্রহণ বাড়ে।

বর্তমানে বাংলাদেশে রাজনীতি থেকে তরুণরা সরে দাঁড়াচ্ছেন। একসময় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যেভাবে ছাত্র ও তরুণদের মধ্যে নেতৃত্ব গড়ে উঠতো, তা এখন আর দেখা যায় না। এর অন্যতম কারণ হলো রাজনীতির ভেতরে নেতৃত্ব বাছাইয়ের অবাধ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার অনুপস্থিতি। তৃণমূলকে যদি নেতৃত্বের কেন্দ্রে আনা হয়, তাহলে তরুণরা আবার আগ্রহ পাবে রাজনীতিতে আসতে। ফলে নেতৃত্ব হবে সময়োপযোগী, আধুনিক ও গতিশীল।

নেতা নির্বাচনে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া শুধু রাজনৈতিক শুদ্ধাচারের বিষয় নয়, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নৈতিক ভিত্তি। একটি শক্তিশালী দল গড়ে ওঠে তখনই, যখন তার নেতৃত্ব জনগণের প্রতিনিধি হয়ে উঠতে পারে, কেবল নেতৃত্বের ‘পুতুল’ হয়ে নয়। দলীয় নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত না করলে গণতন্ত্র কেবল একটি ভোটকেন্দ্রিক ছায়ায় পরিণত হবে, যার অভ্যন্তরে থাকবে কেবল কর্তৃত্ববাদী কণ্ঠস্বর।
তাই এখনই সময়, নেতৃত্ব নির্বাচনের কেন্দ্রীয় নকশা পাল্টে, প্রান্তিক জনতার কণ্ঠকে প্রাধান্য দেওয়ার। তবেই গড়ে উঠবে শক্তিশালী দল, কার্যকর গণতন্ত্র এবং একটি নেতৃত্ববান বাংলাদেশ।

কী-ওয়ার্ডস: