ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা,জেরুজালেমজুড়ে আতঙ্ক

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-০৭ ১৪:১২:৪৩
image

গাজায় চলমান ইসরায়েলি হামলার জবাবে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে ফের বিস্ফোরণ। ইসরায়েলের সামরিক অভিযানের পাল্টা জবাব হিসেবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (৭ জুলাই) ভোররাতে ছোড়া এই ক্ষেপণাস্ত্রের ফলে জেরুজালেমের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজে ওঠে,বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা করেছে। তবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে কি না, সেই বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।
ইসরায়েলি জরুরি সেবাদান সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম নিশ্চিত করেছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। ক্ষেপণাস্ত্র হামলার পর সাইরেন বেজে ওঠে এটজিওন ব্লক, হেবরন এবং আরও কয়েকটি বসতিতে, যার ফলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েলের পূর্বের হামলার জবাবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর আগে ইসরায়েল ইয়েমেনের হোদেইদা, রাস ইসা, হোসেইন ও সালিফ বন্দরে হামলা চালায়। হামলার আগে ইয়েমেনের বন্দর থেকে লোকজন সরে যাওয়ার সতর্কবার্তা দেয় ইসরায়েল।
রোববার (৬ জুলাই) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেন, তারা ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছেন। তার ভাষ্যমতে, “এই ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে এবং এর ফলে বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।”
এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব না হলেও হামলার পর ইসরায়েলের তেল আবিব ও আশপাশের আকাশসীমায় বিমান চলাচলে বিঘ্ন ঘটে বলে একাধিক সংবাদমাধ্যম উল্লেখ করেছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দমন-পীড়নের জবাবে তারা প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। বিশেষ করে বেসামরিক স্থাপনাসহ বিমানবন্দরে হামলার মাধ্যমে হুতি বাহিনী আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলবিরোধী সামরিক বার্তা দিতে চাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও তীব্র করে তুলেছে। বিশেষ করে হুতিদের ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

কীওয়ার্ডস:

ইসরায়েল হুতি ক্ষেপণাস্ত্র হামলা, হুতি বাহিনীর হামলা ২০২৫, ইয়েমেন ইসরায়েল যুদ্ধ, বেন গুরিওন বিমানবন্দর ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, গাজা যুদ্ধ প্রতিশোধ, ইয়াহিয়া সারি হামলা ঘোষণা, ইয়েমেন ইসরায়েল সামরিক উত্তেজনা