মালয়েশিয়া ফেরতরা ‘জঙ্গি’ নয়: স্পষ্ট করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-০৬ ১৪:৪১:৫৯
image

মালয়েশিয়া থেকে ফেরত আসা বাংলাদেশিদের নিয়ে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালেও তারা কেউ ‘জঙ্গি’ নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে, অন্য কোনো কারণে নয়।”

আজ রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মালয়েশিয়া থেকে যারা সম্প্রতি দেশে ফিরেছেন, তারা কেউ জঙ্গি নন। কোনো গোয়েন্দা তথ্য বা প্রমাণেও তাদের বিরুদ্ধে এমন কিছু পাওয়া যায়নি। দেশে ফিরিয়ে দেওয়া তিনজনের কারো বিরুদ্ধেই দেশে কোনো জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য নেই।”

তিনি আরও বলেন, “বর্তমানে দেশে জঙ্গিবাদের কার্যক্রম প্রায় শূন্যের কোটায়। গত ১০ মাসে কোনো বড় জঙ্গি তৎপরতার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর রয়েছে। আমরা জঙ্গিবাদ নির্মূলে সফলতা ধরে রাখতে বদ্ধপরিকর।”

এদিনের পরিদর্শনের উদ্দেশ্য ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজে সাম্প্রতিক রপ্তানি কার্যক্রম নিয়ে সরেজমিনে অবস্থা দেখা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সাম্প্রতিক কর্মবিরতিতে রপ্তানি কার্যক্রমে যে বিঘ্ন ঘটেছে, সেটি কী মাত্রায় প্রভাব ফেলেছে এবং বর্তমানে পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে, সেটি পর্যবেক্ষণ করতেই এই পরিদর্শন বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, “এটি কোনো আনুষ্ঠানিকতা ছিল না। আমরা শুধু দেখতে চেয়েছি—রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে কি না। ব্যবসায়ীদের যেন ভোগান্তি না হয়, সেটিই মূল উদ্দেশ্য।”

নতুন এক্সপোর্ট টার্মিনালের বিষয়ে তিনি জানান, ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত হচ্ছে- কোল্ড স্টোরেজ। তিনি বলেন, “বর্তমানে কোনো কারণে পণ্য বিমানে ওঠাতে না পারলে তা সংরক্ষণের ব্যবস্থা নেই। কিন্তু ভবিষ্যতে কোল্ড স্টোরেজ চালু হলে পচনশীল বা সংবেদনশীল পণ্যও রফতানির অপেক্ষায় সুরক্ষিত রাখা যাবে। এটি রপ্তানিকারকদের জন্য বড় সুবিধা হয়ে উঠবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো, মালয়েশিয়া থেকে ফেরত ব্যক্তিদের নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছিল-তাতে কোনো সত্যতা নেই। তিনি জানান, “জাতীয় নিরাপত্তা নিয়ে কাউকে অহেতুক সন্দেহ করা উচিত নয়। যাচাই ছাড়া তথ্য ছড়ালে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।”

মালয়েশিয়া ফেরত বাংলাদেশি, জঙ্গি নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, জঙ্গিবাদ পরিস্থিতি বাংলাদেশ, শাহজালাল কার্গো ভিলেজ, রপ্তানি কার্যক্রম, কোল্ড স্টোরেজ সুবিধা, বিমানবন্দর রপ্তানি, ভিসার মেয়াদ, জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য, জাতীয় রাজস্ব বোর্ড আন্দোলন, বাংলাদেশ মালয়েশিয়া অভিবাসন