শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচের চরম হতাশার পর আজই সিরিজ বাঁচানোর লড়াই। জয় না এলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে।
প্রথম ওয়ানডের দলে বড়সড় দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে নেই তাসকিন আহমেদ ও লিটন দাস। তাঁদের জায়গায় দলে ফিরেছেন হাসান মাহমুদ ও শামীম হোসেন পাটোয়ারী।শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ১৪ রান তুলেছে.৭ রান করে সাজঘরে ফিরেছেন তানজিদ হাসান।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের মতোই শ্রীলঙ্কাও করেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন দুনিথ ওয়েল্লালাগে ও দুশমন্ত চামিরা।
শ্রীলঙ্কা একাদশ:
নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্ডো।
প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করে বাংলাদেশ। নাটকীয় সেই পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচটি এখন ‘ডু অর ডাই’ পরিণত হয়েছে।
একটা জয় নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই এটি।ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে আসতে এই ম্যাচে জয় অত্যন্ত জরুরি।
বর্তমানে বাংলাদেশ দল রয়েছে পরাজয়ের ভয়াবহ এক চক্রে। সর্বশেষ ফল পাওয়া সাতটি ওয়ানডে ম্যাচে একটিতেও জয় নেই।
শেষবার এমন ভয়াবহ রেকর্ড হয়েছিল ২০১৪ সালে, যখন বাংলাদেশ টানা ১২টি ওয়ানডে ম্যাচে হেরেছিল।
সাম্প্রতিক ফলাফলগুলো হলো:
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে হার, নিউ জিল্যান্ডের বিপক্ষে হার
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে বাঁচে
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় প্রথম ম্যাচে নাটকীয় হার
শান্ত, হৃদয়, মিরাজ, তানজিদদের ব্যাটে যদি আস্থা ফেরে, আর পেসাররা ছন্দে থাকেন-তবে আজও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। না হলে আবারও একটি হতাশার অধ্যায় যুক্ত হবে সাম্প্রতিক ব্যর্থতার তালিকায়।
আজকের ম্যাচ শুধু সিরিজ নয়, বাংলাদেশ ক্রিকেটের মনোবল বাঁচানোর লড়াই। টানা পরাজয়ের পর্বে একটি জয়ই হতে পারে ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি।
#BANvsSL #BangladeshCricket #ওয়ানডে সিরিজ #MehidyMiraz #BANvsSL2025 #BangladeshODIform #CricketUpdate #BangladeshLosingStreak